Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ পার্নো মিত্র (Actress Parno Mittra)। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তাঁর উপস্থিতি বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। বছর ছয়েক আগে বিজেপিতে যোগ দিয়ে রাজ্য রাজনীতিতে চমক তৈরি করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ফের তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই আলোচনার মধ্যেই নজর ফেরানো যাক ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখিত সম্পত্তি ও আয়ের খুঁটিনাটির দিকে।
ঘোষিত সম্পত্তির সারসংক্ষেপ (Actress Parno Mittra)
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন পার্নো মিত্র। সেই সময় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন। হলফনামা অনুযায়ী, সেই সময়ে তাঁর হাতে নগদ অর্থ ছিল ১৪ হাজার ৩৭৫ টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল মোট ৭ লক্ষ ৯৮ হাজার ৬৩৩ টাকা ৭২ পয়সা। এছাড়াও একাধিক বিমা বা ইনস্যুরেন্স পলিসিতে তাঁর সঞ্চয় ছিল ২ লক্ষ ৯ হাজার টাকা।
গাড়ি ও স্বর্ণালঙ্কারে বিনিয়োগ (Actress Parno Mittra)
চলতি সম্পত্তির খতিয়ান দিতে গিয়ে পার্নো মিত্র জানান, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি পুরনো গাড়ি কেনেন, যার দাম ছিল ৩ লক্ষ ৬৫ হাজার ২১০ টাকা। এছাড়াও তাঁর কাছে প্রায় ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন অভিনেত্রী।
ফ্ল্যাটই একমাত্র বড় সম্পদ (Actress Parno Mittra)
স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পার্নো স্পষ্টভাবে জানান, তাঁর নামে কোনও কৃষিজমি নেই, এমনকি উত্তরাধিকার সূত্রেও তিনি কোনও স্থাবর সম্পত্তি পাননি। তবে ২০১৬ সালের মার্চ মাসে বালিগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট কেনেন, যার ক্রয়মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। ২০২১ সালের নির্বাচনের সময় সেই ফ্ল্যাটটির বাজারদর আনুমানিক ৫৫ লক্ষ টাকা বলে হলফনামায় উল্লেখ করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, নিজের আর্থিক বিবরণীতে পার্নো জানান যে তাঁর কোনও ঋণ বা দেনা নেই।
সময়ের সঙ্গে ওঠানামা (Actress Parno Mittra)
হলফনামায় পার্নো মিত্র বিভিন্ন অর্থবর্ষে তাঁর আয়ের হিসাবও তুলে ধরেন। সেখানে দেখা যায়, ২০১৫–১৬ অর্থবর্ষে তিনি কোনও আয় দেখাননি, ২০১৬–১৭ অর্থবর্ষে আয় ছিল ৩ লক্ষ ৩৯ হাজার ৯৮২ টাকা, ২০১৭–১৮ অর্থবর্ষে আয় বেড়ে হয় ৮ লক্ষ ১৪ হাজার ১৬ টাকা, ২০১৮–১৯ অর্থবর্ষে আয় কিছুটা কমে দাঁড়ায় ৫ লক্ষ ১৯ হাজার ৮৭৩ টাকা, ২০১৯–২০ অর্থবর্ষে আয়ের ক্ষেত্রে বড় লাফ, মোট আয় হয় ১৭ লক্ষ ৩২ হাজার ৯৪৮ টাকা, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, রাজনীতিতে সক্রিয় হওয়ার সময়ের কাছাকাছি সময়ে তাঁর আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল।
শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় (Actress Parno Mittra)
হলফনামায় পার্নো মিত্র নিজের পেশা হিসেবে অভিনেত্রী ও সমাজকর্মী এই দুই পরিচয় উল্লেখ করেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানান, ২০০৪ সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন।
আরও পড়ুন:Vaibhav Sooryavanshi: বৈভবকে বিশেষ সম্মান জানিয়ে রাষ্ট্রপতির অনুপ্রেরণার বার্তা
অভিনয় থেকে রাজনীতি
পার্নো মিত্র প্রথম রাজনীতিতে পা রাখেন ২০১৯ সালের জুলাই মাসে। সেই সময় এক ঝাঁক সেলিব্রিটির সঙ্গে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন তৃণমূল বিধায়ক, বর্তমানে বিজেপি নেতা তাপস রায়ের বিরুদ্ধে বরাহনগর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও সেই লড়াইয়ে তিনি জয়ী হতে পারেননি। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্রে তাঁকে দেখা গেলেও বাস্তব সত্য হল ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর অভিনয়জীবন যতটা উজ্জ্বল ছিল, ২০১৯ সালের পর সেই গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে।



