Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা (Anandapur)। বুধবার সন্ধ্যায় আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হঠাৎই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে স্থানীয়দের। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শীতের সন্ধ্যায় আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।

দমকলের তৎপরতা (Anandapur)
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রাথমিকভাবে দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
বস্তি এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা (Anandapur)
ঘটনাস্থলের একেবারে পাশেই রয়েছে নোনাডাঙা বস্তি। সেই বস্তি পর্যন্ত আগুন পৌঁছেছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে স্থানীয় সূত্রের দাবি, আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানা যাচ্ছে। শীতের সন্ধ্যায় খোলা আকাশের নীচে রাত কাটানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে।

আবর্জনার স্তূপ ঘিরে বাড়তি ভয় (Anandapur)
এলাকার কাছেই আবর্জনার স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দাহ্য পদার্থ থাকলে আগুন আরও ভয়াবহ আকার নিতে পারে এই আশঙ্কায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ ও দমকল যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: Folk Festival: ব্রাহ্মণ্য শিবের বাইরে বাংলার লোকশিবের আলাদা পরিচয়
আগুন লাগার কারণ অজানা
এই মুহূর্তে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে সরকারিভাবে জানানো হয়নি, আগুন সরাসরি নোনাডাঙা বস্তিতেই লেগেছে নাকি পাশের কোনও জায়গা থেকে ছড়িয়ে পড়েছে। আগুন সম্পূর্ণ নেভানো গেলে তবেই তদন্ত করে কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।



