Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বইমেলার শেষ দিনে যেন আলাদা এক উচ্ছ্বাস (Kolkata Book Fair)। স্টল থেকে স্টলে ভিড়, হাতে বইয়ের তালিকা, আর ঠোঁটের কোণে একটাই অনুরোধ- “আর একটু ছাড় হবে না?” নিয়ম অনুযায়ী ১০ শতাংশ ছাড়ই নির্ধারিত। কিন্তু শেষ দিনের আবেগ, পাঠকের টান আর বিক্রেতার মন- এই তিনে মিলেই তৈরি হল আলাদা ছবি। কোথাও ১২, কোথাও ১৫ শতাংশ ছাড়ে বই তুলে দিতে দেখা গেল প্রকাশকদের। ক্রেতাদের মুখে তখন তৃপ্তির হাসি।
বইমেলার শেষ দিন (Kolkata Book Fair)
বন্ধুর জন্মদিনে প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের (Kolkata Book Fair) বই উপহার দেওয়ার ইচ্ছে। স্টলে একটাই কপি, বাজেটও সীমিত। একটু দরদাম, একটু অনুরোধ-শেষমেশ বিক্রেতাও মন গলালেন। বইমেলার শেষ দিনে এমন দৃশ্য ছিল বহু জায়গায়।

পাঠকের সংখ্যা বেড়েছে
পাঠকের সংখ্যা যে বেড়েছে, তা স্পষ্ট। কলেজফেরত পড়ুয়া, অফিস থেকে সোজা মেলায় ঢুকে পড়া কর্মজীবী- সকলেই বইয়ের খোঁজে। তবে পকেটের টান অনুভূত হচ্ছে। তাই শেষ দিনে ছাড়ের আবেদন আরও বেশি। ছোট প্রকাশনাগুলির বক্তব্যও স্পষ্ট-যদি দু’-চার শতাংশ বেশি ছাড়ে মানুষ আরও বই কিনে পড়েন, তাতে ক্ষতি নেই। বই হাতে পৌঁছনোটাই আসল।

আরও পড়ুন: Earthquake: কেঁপে উঠল রাতের কলকাতা, ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায়?
এবারের বইমেলায় জনসমাগমও নজরকাড়া। গত বছরের তুলনায় লক্ষাধিক বেশি মানুষ এসেছেন। বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। নতুন বইয়ের প্রকাশ, সাহিত্য আড্ডা, বিশেষ সংখ্যার উদ্বোধন- সব মিলিয়ে শেষ দিনেও মেলার রেশ ফুরোল না। বইমেলা যেন আবারও প্রমাণ করল, ছাড় যতই হোক বা না হোক, বইয়ের প্রতি বাঙালির টান অটুট।


