Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক মহলে (FIFA World Cup 2026) তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার মাটিতে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে মেক্সিকো আগ্রহ প্রকাশ করেছে ইরানের ম্যাচ আয়োজন করতে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে একেবারে কড়া অবস্থান নিল ফিফা। সংস্থার সভাপতি জিয়ানি ইনফান্তিনো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন আনা হবে না।
সূচি একই থাকবে (FIFA World Cup 2026)
ফিফার পরিচালনা পর্ষদের বৈঠকের পর ইনফান্তিনো (FIFA World Cup 2026) বলেন, বিশ্বকাপের একটি নির্দিষ্ট সূচি তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ীই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইরানের ম্যাচ অন্য দেশে সরানোর কোনও প্রশ্নই ওঠে না। তাঁর বক্তব্য, “আমাদের সূচি নির্ধারিত রয়েছে, সেটাই অনুসরণ করা হবে।” উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতের জেরে ইরানের পরিস্থিতি অত্যন্ত জটিল। দেশটির সরকার ও ফুটবল ফেডারেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে দল পাঠানো সম্ভব নয়। ইরানের তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: Rajanya Haldar: কোনও ফুলেই ঠাঁই নেই, নির্বাচনে কোন দলের প্রার্থী রাজন্যা?
শান্তির মাধ্যমে সেতু বন্ধন
এই পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ইরানের ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবও সরাসরি নাকচ করে দিয়েছে ফিফা। ইনফান্তিনো বলেন, ফুটবল শান্তির বার্তা বহন করে, তবে তার জন্য প্রতিযোগিতার কাঠামো বদলানো যাবে না। এদিকে, প্যালেস্তাইন-ইজরায়েল ইস্যুতেও ফিফা কোনও কড়া পদক্ষেপ নেয়নি। পশ্চিম তীরের ক্লাবগুলির অংশগ্রহণ নিয়ে অভিযোগ উঠলেও, আন্তর্জাতিক আইনি জটিলতার কারণে বিষয়টি এড়িয়ে গেছে সংস্থা। ইনফান্তিনো স্পষ্ট করেন, ফিফা ভূরাজনৈতিক সমস্যা সমাধান করতে পারে না, তবে ফুটবলের মাধ্যমে শান্তির সেতু গড়তে চায়।



