Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে ধাপে ধাপে প্রকাশ শুরু হল অতিরিক্ত ভোটার তালিকা। সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন(Supple Voter List)। তবে এই তালিকায় কতজনের নাম নিষ্পত্তি হয়েছে এবং নতুন করে কত ভোটার যুক্ত বা বাদ পড়েছেন তা এখনও স্পষ্ট করেনি কমিশন।
২৯ লক্ষ নাম নিষ্পত্তি (Supple Voter List)
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। বর্তমানে প্রায় ৭০০-র বেশি বিচারক সেই তালিকার নিষ্পত্তির কাজ করছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন মোট ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে কত নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ পাবে, তা বিচারকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
নাম খুঁজতে এপিক নম্বর ব্যবহার
কমিশন জানিয়েছে, সোমবার প্রকাশিত তালিকায় দু’টি পৃথক অংশ রয়েছে একটিতে যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্যটিতে যাঁদের নাম বাদ পড়েছে। ভোটাররা অনলাইনে এপিক নম্বর ব্যবহার করে নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। পাশাপাশি বুথ, বিডিও, এসডিও ও জেলা শাসকের দফতরেও তালিকা টাঙানো হবে।
৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ ভোটার বাদ
উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধন / এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। পরে প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ পড়ে। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।
৮২ লক্ষের নথি গ্রহণযোগ্য (Supple Voter List)
খসড়া তালিকায় থাকা ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের মধ্যে প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয়। এর মধ্যে ‘নো-ম্যাপিং’ সমস্যায় পড়েন ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন ভোটার। বাকি ভোটারদের তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে ডাকা হয় শুনানিতে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি হয় এবং তার মধ্যে ৮২ লক্ষের নথি গ্রহণযোগ্য বলে জানায় কমিশন।
আরও পড়ুন: Returning Officer: ভোটের আগে বড় সিদ্ধান্ত কমিশনের, ৭৩ জন রিটার্নিং অফিসার বদল
নাম বাদ পড়লে ট্রাইবুনালে আপিল (Supple Voter List)
নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ভোটাররা ট্রাইবুনালে আপিল করতে পারবেন। কলকাতা হাই কোর্টের তত্ত্বাবধানে রাজ্যের ২৩ জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যেখানে ১৯ জন প্রাক্তন বিচারপতি রয়েছেন। অনলাইন বা অফলাইন দুইভাবেই আপিল করা যাবে। ইসিআইনেট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি জেলা প্রশাসনের দফতরেও আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন ঘিরে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



