Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপির টিকিটে ২৬ এর বিধানসভা নির্বাচনে পানিহাটিতে প্রার্থী হয়ে এই মুহূর্তে জোর কদমে প্রচারে ব্যস্ত। তার মধ্যেই বৃহস্পতিবার আরজি কর মামলায় নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(RG Kar Case)।
নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI (RG Kar Case)
মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় আরজি কর মামলায় সাজাপ্রাপ্ত এবং সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। তদন্তের প্রয়োজনে অত্যাধুনিক প্রযুক্তিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করতে পারে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
CBI-কে আধুনিক পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালত বলেছে, তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআই যেন কোনও দ্বিধা না করে। যে কোনও ব্যক্তিকে জেরা করতে পারে সিবিআই। বিচারপতি মান্থা বলেন, এই ঘটনায় সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হচ্ছে। ফলে যত আধুনিক পদ্ধতি, প্রযুক্তি আছে তার সব কিছু ব্যবহার করুক সিবিআই। ইতিমধ্যেই পরিবারের তরফে ডিএনএ প্রোফাইল ও অডিও রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। এই দুটি রেকর্ড নিয়ে তদন্ত করে সিবিআই-কে রিপোর্ট দিতেও এদিন নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
‘রাজ্যের আপত্তি কীসের?’ (RG Kar Case)
একইসঙ্গে বিচারপতি মান্থার প্রশ্ন, মৃতের পরিবার ঘটনাস্থল পরিদর্শন করতে চাওয়ায় রাজ্যের আপত্তি কেন? বিচারপতি মান্থা বলেন, ‘মৃতের পরিবার নতুন করে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছে। তাতে সিবিআই-এর কোনও আপত্তি নেই। তাহলে রাজ্যের আপত্তি কীসের? মামলায় তারা পার্টিও নয়। যদি নতুন করে পরিবার হলফনামা দেয়, আর সিবিআই যদি তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়, তাতে রাজ্য আপত্তি করবে কেন?’
‘একজনের পক্ষে এই ঘটনা সম্ভব নয়’
মামলাকারীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আদালতকে জানান, তাঁরা নির্যাতিতার খুন ও ধর্ষণের রিপোর্ট নিয়ে ডাক্তার অজয় কুমার গুপ্তার মতামত নিয়েছিলেন । সেখানে তিনিও সন্দেহ প্রকাশ করেছেন। এরপরই খড়্গপুর আইআইটি-তে ছাত্র মৃত্যুর কথা উল্লেখ করে বিচারপতি বলেন, ‘ছাত্রের রহস্য মৃত্যুতে পরে ফরেনসিক ডাক্তার প্রমাণ দেন খুনের। এই ক্ষেত্রেও ফরেনসিকের ভালো ভাবে খতিয়ে দেখার জায়গা আছে। বিভিন্ন রিপোর্ট দেখার পর আমাদেরও মনে হয় কোনও একজনের পক্ষে এই ঘটনা সম্ভব নয় ।’
বিস্তারিত শুনানির প্রয়োজন (RG Kar Case)
এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন এবং সিবিআই-এর মৃত্যুদণ্ডের আবেদনেরও শুনানি একই সঙ্গে করা প্রয়োজন। অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফে পুনরায় তদন্তের যে আবেদন করা হয়েছে তারও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে আদালত ৷
আরও পড়ুন: Artemis II Mission: অভিযান শেষ, পৃথিবী ফেরার প্রস্তুতি আর্টেমিস-২-এর মহাকাশচারীদের
মামলার পরবর্তী শুনানি ১২ মে (RG Kar Case)
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় একমাত্র দোষীসাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিয়েছে আদালত। এদিন সেই সঞ্জয়কেই প্রয়োজনে আবারও নতুন করে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১২ মে।



