Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস মামলায় বড় সাফল্য পেল সিবিআই। পুণের এক বোটানি শিক্ষিকাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(NEET-UG Question Leak)। ধৃত শিক্ষিকার নাম মনীষা গুরুণাথ মন্ধারে। তাঁকে দিল্লি থেকে আটক করা হয়েছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৯।
পরীক্ষা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ধৃত শিক্ষিকা (NEET-UG Question Leak)
সিবিআই জানিয়েছে, মনীষা মন্ধারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র হয়ে NEET-UG পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তে উঠে এসেছে, এপ্রিল মাসে তিনি আরেক অভিযুক্ত মনীষা ওয়াঘমারের মাধ্যমে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন। পরে নিজের বাড়িতে বিশেষ কোচিং ক্লাসও নেন।
বোটানি ও জুলজির প্রশ্ন ফাঁস করেন
অভিযোগ, ওই ক্লাসে তিনি বোটানি ও জুলজির গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁস করেন। পরীক্ষার্থীদের সেই প্রশ্ন খাতায় লিখে রাখতে এবং বইয়ে চিহ্নিত করতে বলা হয়েছিল। সিবিআই দাবি করেছে, ওই প্রশ্নগুলির বেশিরভাগই ৩ মে অনুষ্ঠিত NEET-UG পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে।
গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত
গত ২৪ ঘণ্টায় দিল্লি-সহ দেশের ছ’টি জায়গায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাঙ্ক নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করেছে সিবিআই। উদ্ধার হওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
পিভি কুলকার্নিকে গ্রেফতার (NEET-UG Question Leak)
এর আগে সিবিআই এই চক্রের মূলচক্রী হিসেবে পিভি কুলকার্নিকে গ্রেফতার করে। তিনি এনটিএ-র হয়ে পরীক্ষার কাজে যুক্ত এক কেমিস্ট্রি লেকচারার ছিলেন। অভিযোগ, তাঁর কাছেই প্রশ্নপত্রের অ্যাক্সেস ছিল।
আরও পড়ুন: CBSE Syllabus: সিবিএসই-র সিলেবাসে বড় পরিবর্তন, নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা
পুণেতে বিশেষ কোচিং ক্লাস (NEET-UG Question Leak)
তদন্তে জানা গিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে কুলকার্নি ও মনীষা ওয়াঘমারে পুণেতে বিশেষ কোচিং ক্লাসের আয়োজন করেছিলেন। সেখানে পরীক্ষার্থীদের সম্ভাব্য প্রশ্ন, অপশন ও সঠিক উত্তর লিখিয়ে দেওয়া হয়। ছাত্রদের খাতায় লেখা প্রশ্নগুলি আসল কেমিস্ট্রি প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায় বলে দাবি সিবিআইয়ের। উচ্চশিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে ১২ মে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।



