Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে ঘিরে বড় বিতর্কের মধ্যে দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, প্ল্যাটফর্মটি ধীরে ধীরে “নতুন ডার্ক ওয়েব”-এ পরিণত হয়েছে(Telegram Delhi HC)। সরকারের অভিযোগ, সাইবার অপরাধী, জালিয়াত চক্র, উগ্রপন্থী সংগঠন ও অন্যান্য অসাধু গোষ্ঠী টেলিগ্রামের গোপনীয়তা সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি কার্যকলাপ চালাচ্ছে।
ডার্ক ওয়েব নেটওয়ার্কের লিঙ্ক টেলিগ্রাম! (Telegram Delhi HC)
বৃহস্পতিবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, টেলিগ্রামের বিরুদ্ধে পদক্ষেপ শুধুমাত্র নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত নয়। সরকারের মতে, প্ল্যাটফর্মটির অপব্যবহার অনেক বৃহত্তর ও উদ্বেগজনক আকার নিয়েছে।
কেন্দ্র আদালতে জানায়, টেলিগ্রাম এখন সাইবার অপরাধী গোষ্ঠী ও ডার্ক ওয়েব নেটওয়ার্কের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করছে। বিভিন্ন চ্যানেল ও গ্রুপের মাধ্যমে গোপন ফোরামের লিঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তদন্তকে কঠিন করে তুলছে। এছাড়া ব্যবহারকারীরা ফোন নম্বর ও পরিচয় গোপন রাখতে পারায় অপরাধীদের শনাক্ত করা আরও জটিল হয়ে উঠছে।
সরকারের দাবি, টেলিগ্রামের বন্ধ গ্রুপগুলোতে মিউল ব্যাংক অ্যাকাউন্ট কেনাবেচা, অর্থ পাচার, অনলাইন প্রতারণা এবং চুরি হওয়া তথ্যের বেচাকেনা চলছে। পাশাপাশি মাদক পাচার, সন্ত্রাসবাদ, উগ্রপন্থী প্রচার, শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট (CSEAM) ছড়ানো এবং পাইরেটেড সিনেমা ও ওয়েব সিরিজ বিতরণের অভিযোগও তোলা হয়েছে।
সাইবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। তাদের দাবি, টেলিগ্রামে ম্যালওয়্যার ছড়ানো, ব্যাংকিং ও ইউপিআই নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার সরঞ্জাম প্রচার এবং ফাঁস হওয়া আধার ও মোবাইল নম্বরের ডেটাবেস বিক্রির মতো কর্মকাণ্ড বাড়ছে।
অন্যদিকে টেলিগ্রামের পক্ষের আইনজীবী ধ্রুব মেহতা আদালতে বলেন, কোটি কোটি মানুষ বৈধ কাজে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই পুরো প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ করলে সাধারণ ব্যবহারকারীরাও ক্ষতিগ্রস্ত হবেন(Telegram Delhi HC)।
আরও পড়ুন: Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবস: কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠান: ৩ হাজার ড্রোনের মেগা শো
এখন দিল্লি হাইকোর্টের সামনে মূল প্রশ্ন কিছু গোষ্ঠীর অপব্যবহার ঠেকাতে কোটি ব্যবহারকারীর ব্যবহৃত একটি প্ল্যাটফর্মের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ কতটা ন্যায্য?(Telegram Delhi HC)



