Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার পোস্তা বাজারে ডিম হামলার ঘটনায় বড় (Posta Market) পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। এক মহিলাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের পর অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশন। ফলে শুক্রবার দুপুরের পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বাজারের ব্যবসা।
কী অভিযোগ? (Posta Market)
অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে মার্চেন্টস (Posta Market) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়াল সংগঠনের কার্যালয়ে উপস্থিত ছিলেন। সেই সময় একদল ব্যক্তি আচমকা সেখানে ঢুকে পড়ে। তাঁর উদ্দেশে ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে হেনস্তারও অভিযোগ ওঠে। খবর পেয়ে জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রতিবাদ (Posta Market)
ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে পোস্তা বাজারের অধিকাংশ দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পরে তদন্তে নেমে পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার তাঁদের আদালতে তোলা হলে বিচারক ৭ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: Delhi Weather Update: দিল্লিতে বাড়ছে বৃষ্টির দাপট, একাধিক এলাকায় জারি কমলা সতর্কতা
তবে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। ধৃতদের পক্ষের দাবি, বিশ্বনাথ আগরওয়ালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই ক্ষোভ থেকেই এই বিক্ষোভ হয়েছে বলে তাঁদের বক্তব্য।
অন্যদিকে মার্চেন্টস অ্যাসোসিয়েশনের অভিযোগ, কয়েকজন ব্যবসায়ী পরিকল্পিতভাবে এই হামলার পরিবেশ তৈরি করেছেন এবং একটি সাধারণ ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


