Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবে একাধিক সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র (Punjab Education) ফাঁসের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক আম আদমি পার্টির (আপ) বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি এবং কংগ্রেস। বিরোধীদের দাবি, সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। তাই নৈতিক দায় স্বীকার করে রাজ্যের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনসের পদত্যাগ করা উচিত।
বিজেপির অভিযোগ (Punjab Education)
বিজেপির অভিযোগ, দ্বাদশ শ্রেণির ইংরেজি (Punjab Education) বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (পিএসটিইটি) এবং কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে হলে শিক্ষামন্ত্রীর জবাবদিহি জরুরি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব কেন এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না।
এই ইস্যুতে কংগ্রেসও সরকারকে আক্রমণ করেছে। তাদের অভিযোগ, গত কয়েক বছরে রাজ্যে একাধিক পরীক্ষা বিতর্কের মুখে পড়েছে, যার ফলে বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিরোধীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন
তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্পষ্ট জানিয়েছেন, তাঁর সরকারের আমলে কোনও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তিনি বলেন, শুধুমাত্র দুটি পরীক্ষাকেন্দ্রে নকলের চেষ্টা ধরা পড়েছিল এবং প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সঙ্গে সেই ঘটনার কোনও সম্পর্ক নেই।
আপ নেতৃত্বের আরও দাবি, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। সরকার পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে।


