Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও, নির্ধারিত সূচি মেনেই চলছে বিশ্বজয়ী ফুটবল তারকা লিয়োনেল মেসির ভারত সফর। রবিবার সফরের দ্বিতীয় দিনে মেসি তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল-কে নিয়ে মুম্বইয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন (Messi Mumbai Events)। আজ ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে পৌঁছবেন আর্জেন্টিনার অধিনায়ক।
কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা না হলেও, মুম্বইয়ে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে মেসির সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)-তে প্যাডেল কাপ:
সূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩.৩০টে নাগাদ মেসি যাবেন ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)-তে। সেখানে বিকেল ৪.৩০ মিনিটে তিনি অংশ নেবেন ‘প্যাডেল কাপ’-এ। জানা যাচ্ছে, মেসির সঙ্গে এই প্যাডেল গেমে অংশ নিতে পারেন সচিন তেন্ডুলকর এবং শাহরুখ খান।
আরও পড়ুন:Kunal Ghosh: কিছু মানুষের হ্যাংলামি, অপদার্থ আয়োজক! মেসি প্রসঙ্গে অকপট কুণাল
ওয়াংখেড়েতে সংবর্ধনা ও ফুটবল উৎসব (Messi Mumbai Events):
বিকেল ৫টায় মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছবেন এবং রাত ৮টা পর্যন্ত সেখানেই থাকার কথা। প্রথমে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর শুরু হবে খ্যাতনামী তারকাদের একটি ফুটবল ম্যাচ, যেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী-র থাকার কথা রয়েছে। তবে মেসি নিজে খেলায় অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয় (Messi Mumbai Events)। ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের সঙ্গীতানুষ্ঠান এবং তারপর ম্যাচের দ্বিতীয় পর্ব খেলা হবে।
খেলা শেষে মেসি পুরস্কার দেবেন। এছাড়া মেসি, সুয়ারেজ ও ডি’পল ১০ মিনিটের একটি পেনাল্টি শুটেও অংশ নিতে পারেন।
খুদেদের জন্য ‘প্রজেক্ট মহাদেব’:
ওয়াংখেড়ের মাঠেই খুদে ফুটবলারদের জন্য একটি বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন মেসি। ‘প্রজেক্ট মহাদেব’ নামের এই ৩০ মিনিটের কোচিং ক্লিনিকে মেসি প্রায় ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
কলকাতার অনভিপ্রেত ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুম্বই পুলিশ মেসির অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া কাউকে মেসির কাছে ঘেঁষতে দেওয়া হবে না (Messi Mumbai Events)। ওয়াংখেড়ের এই অনুষ্ঠানটি সাধারণ মানুষ দেখতে পাবেন। দুপুর ২টার মধ্যে দর্শকদের স্টেডিয়ামে ঢুকে পড়তে হবে এবং টিকিটের দাম রাখা হয়েছে ₹৮৮৫০ থেকে ₹১৪৭৫০ টাকা। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
ফ্যাশন শো:
ওয়াংখেড়ের অনুষ্ঠান শেষে রাতে রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। সেই অনুষ্ঠানে জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফ-এর মতো বলিউড তারকারা উপস্থিত থাকবেন (Messi Mumbai Events)। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনিও থাকতে পারেন। এই বিশেষ অনুষ্ঠানে কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। তবে এই ফ্যাশন শো-তে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না।


