Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যজুড়ে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একই সঙ্গে পুলিশকর্মীদের কর্মপরিবেশ ও আর্থিক সুযোগ-সুবিধা উন্নত করতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন তিনি। ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক পুলিশদের হাতে ২০ হাজার ‘রেইন প্রোটেকশন গিয়ার কিট’ তুলে দেওয়ার পাশাপাশি চালু করা হলো চারটি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। সরকারের দাবি, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে নবান্নে অত্যাধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।
২৪ ঘণ্টা চালু ৪ বিশেষ হেল্পলাই (CM Suvendu Adhikari)
রাজ্যের বিভিন্ন প্রান্তে সিন্ডিকেট, তোলাবাজি, অবৈধ টোল আদায় বা চোলাই মদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ মিলবে নতুন এই হেল্পলাইনগুলির মাধ্যমে। নম্বরগুলি হলো— সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৮০০-৩৪৫-০১৬৬ (১৫৫৩৩৫), কাটমানি ও তোলাবাজি: ১৮০০-৩৪৫-০১৬৭ (১৫৫৩৩৪), অবৈধ রোড ট্যাক্স ও টোল আদায়: ১৮০০-৩৪৫-০১৬৮ (১৫৫৩৩৭) এবং অবৈধ চোলাই ও মদ সংক্রান্ত অভিযোগ: ১৮০০-৩৪৫-০১৬৯ (১৫৫৩৩৯)। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মিথ্যা বা ব্যক্তিগত প্রতিহিংসাবশত অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাফিক পুলিশের জন্য ২০ হাজার মনসুন প্রোটেকশন কিট
বর্ষাকালে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশকর্মীদের কথা মাথায় রেখে ২০ হাজার ‘মনসুন প্রোটেকশন কিট’ বিতরণের সূচনা করা হয়েছে। প্রতিটি কিটে রয়েছে উন্নত মানের রেইনকোট, গামবুট ও ছাতা। হিডকো এবং এনকেডিএ-র সহযোগিতায় এই কিট রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশের জন্য একগুচ্ছ বড় ঘোষণা (CM Suvendu Adhikari)
পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ধাপে ধাপে ১ লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ হাজার কনস্টেবলকে দুর্গাপূজার আগেই কাজে যোগদান করানো হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের ২৫০ থেকে ৩০০টি থানায় উন্নত ব্যারাক, বিশুদ্ধ পানীয় জল, জিমসহ আধুনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।
২০% DA, রেশন ভাতা বৃদ্ধি ও বদলি নীতিতে স্বস্তি
পুলিশকর্মীদের আর্থিক স্বস্তি দিতে আগামী দুর্গাপূজার আগেই ২০ শতাংশ DA দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রেশন ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। দীর্ঘদিন একই জেলায় কর্মরত মহিলা পুলিশ ও কনস্টেবলদের ক্ষেত্রে ১৫ বছর পূর্ণ হলে তাঁদের নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় বদলির নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Cockroach janata party: সোনম অনশন ভাঙলেন, তবুও মোদির কড়া বার্তার পরও প্রতিবাদে অনড় পড়ুয়ারা
প্রযুক্তিনির্ভর পুলিশিং ও বিশেষ প্রশিক্ষণে জোর
রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে NIA-এর আদলে SIA গঠনের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় এবং বিএসএফ প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশকর্মীদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সরকারের দাবি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।



