Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম তুলে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। জানা গিয়েছে, আইএসএলে অংশগ্রহণের জন্য গত ২০ জুলাইয়ের মধ্যে ৫৫ লক্ষ টাকা করে প্রথম কিস্তি জমা দেওয়ার কথা ছিল ১৪টি ক্লাবের। তালিকায় জামশেদপুর ও ইন্টার কাশীও ছিল। যদিও পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। ইন্টার কাশী নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা মিটিয়ে দিলেও জামশেদপুর তা করেনি এবং শেষ পর্যন্ত লিগ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
কল্যাণ চৌবের আবেদন (Jamshedpur FC)
এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল এবং ফুটবলারদের স্বার্থে টাটা গোষ্ঠীকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য জোরালো আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, টাটা এই সিদ্ধান্ত বদলালে ফেডারেশন সবচেয়ে বেশি খুশি হবে। তিনি আরও বলেন, মাত্র ১.১ কোটি টাকার খরচ বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এর পেছনে টাটার অন্য কোনো বড় কৌশলগত পরিকল্পনা রয়েছে। তবে টাটা গোষ্ঠীর বহু বছরের ফুটবল অবদান স্মরণ করে তিনি বলেন, টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে দেশের যুব ফুটবলের মূল ভিত তৈরি হয়েছে।
টাটা স্টিলের অনড় অবস্থান (Jamshedpur FC)
অন্যদিকে, টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট সুন্দরা রামম সাফ জানিয়ে দিয়েছেন যে, জামশেদপুর এফসিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তাঁর মতে, আইএসএলের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ তাদের নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত। টাটা স্টিল ফুটবল ছেড়ে যাচ্ছে না, বরং তাদের মূল শক্তি অর্থাৎ তৃণমূল স্তরে ফুটবলার তৈরি করার ঐতিহ্যেই পুনরায় ফিরতে চায় বলে তিনি স্পষ্ট করেছেন। বর্তমানে ফুটবল ছাড়াও হকি, তিরন্দাজি, সাঁতার ও অ্যাথলেটিক্স সহ মোট ১৯টি খেলায় তারা অবদানের কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: MSC President: মহামেডানের সভাপতি পদ খোয়ালেন হুমায়ুন কবীর, নতুন সভাপতি গজল জাফর
বর্তমান পরিস্থিতি (Jamshedpur FC)
জামশেদপুর এফসি (Jamshedpur FC) আইএসএল থেকে নাম তুলে নেওয়ার পর থেকেই দেশের ক্রীড়ামহলে শোরগোল শুরু হয়েছে। খোদ ক্লাবের ফুটবলাররা হাতজোড় করে টাটা গোষ্ঠীকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানান। এমনকি তারকা ফুটবলার সুনীল ছেত্রী ও সন্দেশ ঝিঘ্নানও এই টুর্নামেন্ট থেকে সরে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। এবার এআইএফএফ সভাপতিও একই সুরে সুর মেলালেন। তবে সমস্ত আবেদন ও অনুরোধ সত্ত্বেও এই মুহূর্তে নিজেদের পূর্বের অবস্থানেই অনড় রয়েছে দেশের অন্যতম শীর্ষ এই শিল্পগোষ্ঠী।



