Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের দুঃখ ভুলে অবশেষে গ্যালারিতে চিল মুডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! আর মাঠে নেমেই ‘নিজেরই’ দলের হার দেখে তিনি বোধহয় মনে মনে ভাবছেন, “আমি তো খোদ মালিক মশাই, তাও এ কী বেহাল দশা!”
গ্যালারিতে হাজির রোনাল্ডো (Cristiano Ronaldo)
মঙ্গলবার প্রাক-মরসুম প্রস্তুতি ম্যাচে মুখে কুলুপ এঁটে গ্যালারিতে হাজির হয়েছিলেন সিআরসেভেন। সামনে আল নাসের বনাম স্পেনের ক্লাব ইউডি আলমেরিয়া— যে আলমেরিয়ার আবার ২৫ শতাংশ মালিকানা খোদ রোনাল্ডোর নিজেরই পকেটে! অর্থাৎ, একদিকে নিজের দল আল নাসের, আর অন্যদিকে নিজেরই পকেটের শেয়ারওয়ালা ক্লাব আলমেরিয়া। শেষ পর্যন্ত খেলা শেষে দেখা গেল, নিজের দলের হার গ্যালারিতে বসেই গিলে খেতে হল তাঁকে। নতুন কোচ আঞ্জে পোস্তেকোগ্লুর অধীনে আল নাসেরের শুরুটা হল একেবারে জমজমাট এক ফ্লপ শো দিয়ে!

রোনাল্ডোর হাতে জার্সি (Cristiano Ronaldo)
ম্যাচ শুরুর আগে আলমেরিয়ার সভাপতি মহম্মদ আল খেরেজি এসে রোনাল্ডোর হাতে সসম্মানে একটি বিশেষ জার্সি তুলে দেন। সেই জার্সি হাতে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে রাজার হালে বসে খেলা উপভোগ করেন সিআরসেভেন।
রোনাল্ডোর প্রতিক্রিয়া
চলতি বছরের ফেব্রুয়ারিতেই তো আলমেরিয়ার অংশীদারি কিনে বুক ফুলিয়ে তিনি বলেছিলেন, “মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখতে চাই!” কে জানত, সেই অবদান রাখার শখেই নিজের দলের বিরুদ্ধে ম্যাচ গ্যালারিতে বসে হজম করতে হবে!
আরও পড়ুন: Shubman Gill: শ্রীলঙ্কা সফরে বিপত্তি! চোট পেলেন শুভমন গিল
মাঠে নামবেন রোনাল্ডো (Cristiano Ronaldo)
তবে দুঃখের দিন বেশি লম্বা নয়। আগামী ১৫ অগস্ট সৌদি প্রো লিগে আল ফতেহর বিরুদ্ধে মাঠে নামবেন খোদ রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপে স্পেনের কাছে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর তাঁকে আর সবুজ ঘাসে দেখা যায়নি। তবে পর্তুগাল জার্সিকে চিরতরে টাটা বাইবাই বলেছেন কি না, সে বিষয়ে সিআরসেভেন এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন। আপাতত ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন— ১৫ অগস্ট মাঠে নেমেই রোনাল্ডো কি আবার গোল করে সব দুঃখ উধাও করে দেবেন, নাকি মালিকের চোখের জল ফের গ্যালারি থেকেই মুছতে হবে?



