Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF Meeting) কার্যনির্বাহী সমিতির দীর্ঘ বৈঠকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ দিকনির্দেশক একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হলো। বৃহস্পতিবার নয়াদিল্লির ‘ফুটবল হাউস’-এ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ঘরোয়া ফুটবলের পরিকাঠামো নিয়ে এ দিনের সভায় বেশ কিছু ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে।
কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ (AIFF Meeting)
আগামী অক্টোবরে আজারবাইজানে হতে চলা উদ্বোধনী ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের জন্য টেকনিক্যাল কমিটির সুপারিশ মেনে ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ বিবিয়ানো ফার্নান্ডেজকে। একই সঙ্গে দলের ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে রঞ্জিত বাজাজকে।
কলকাতার মাটিতে ব্রাজিল ম্যাচ (AIFF Meeting)
এ দিনের বৈঠকের সবচেয়ে বড় চমক ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের চূড়ান্ত আনুষ্ঠানিক সিলমোহর। আগামী ৩ অক্টোবর কলকাতার বুকেই আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে এই ম্যাচ ভারতীয় ফুটবলারদের জন্য একটি ঐতিহাসিক এবং অমূল্য অভিজ্ঞতা হিসেবে প্রমাণিত হবে।
আসিয়ান কাপ ও ব্রাজিল ম্যাচের দল (AIFF Meeting)
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। ফেডারেশন স্পষ্ট জানিয়েছে যে, ফিফাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দুটি টুর্নামেন্টের জন্যই সম্পূর্ণ আলাদা দুটি শক্তিশালী স্কোয়াড গড়বে ভারত। এক দল যখন আসিয়ান কাপের মঞ্চে লড়বে, তখন অন্য দল কলকাতার যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।
ঘরোয়া টুর্নামেন্টের পুরনো ফরম্যাট বহাল
জাতীয় দলের এই জোড়া কর্মসূচির পাশাপাশি ঘরোয়া ফুটবলের পরিকাঠামো নিয়েও এদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ এবং সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে সন্তোষ ট্রফি এবং রাজমাতা জিজাবাই ট্রফির জন্য প্রতিযোগিতা কমিটির প্রস্তাবিত তিন স্তরের নতুন ফরম্যাট বাতিল করে দিয়েছে কার্যনির্বাহী সমিতি। ফলে পুরনো ফরম্যাটেই আসন্ন মরশুমে টুর্নামেন্টগুলি আয়োজিত হবে।
আরও পড়ুন: MSC President: মহামেডানের সভাপতি পদ খোয়ালেন হুমায়ুন কবীর, নতুন সভাপতি গজল জাফর
আইএসএল বাণিজ্যিক মডেল
আইএসএলের নতুন বাণিজ্যিক মডেল নিয়ে এ দিন বিস্তারিত আলোচনা হয় (AIFF Meeting)। নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জামশেদপুর এফসি-কে আগামী ১২ আগস্ট পর্যন্ত বাড়তি সময় দেওয়া হয়েছে। এছাড়াও ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে অনুমোদন দিয়েছে এআইএফএফ এবং ক্রীড়ামন্ত্রকের নয়া ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট ২০২৫’ মেনে চলার বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সংস্থাগুলিকে।



