Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: হুগলির চুঁচুড়া জেলা (Hooghly News) শিক্ষা ভবনে বৃহস্পতিবার প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, শিক্ষা ভবনের সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে শুরু হওয়া বিবাদ মুহূর্তের মধ্যেই বড় আকার নেয়।
শিক্ষকদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য (Hooghly News)
জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বৈঠকে যোগ দিতে (Hooghly News) আসা প্রধান শিক্ষক-শিক্ষিকারা নিজেদের গাড়ি নিয়ে শিক্ষা ভবনের চত্বরে পৌঁছন। সেই সময় পাশের পূর্ত দপ্তরের এক আধিকারিকের সঙ্গে পার্কিং নিয়ে বচসা বাধে। অভিযোগ, তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন এবং বিশেষ করে মহিলা শিক্ষিকাদের প্রতিও অশালীন ভাষা ব্যবহার করেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বৈঠকে অংশ নিতে আসা শিক্ষক-শিক্ষিকারা।
বিক্ষোভকারীদের দাবি (Hooghly News)
প্রতিবাদ জানিয়ে তাঁরা নির্ধারিত বৈঠকে অংশ না নিয়ে পূর্ত দপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, অভিযুক্ত আধিকারিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাঁর আচরণের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাঁদের বক্তব্য, সরকারি দায়িত্বে থাকা কোনও আধিকারিকের কাছ থেকে এমন ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। প্রথমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হলেও তাতে তৎক্ষণাৎ সুরাহা হয়নি। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি স্থানীয় বিধায়কের প্রতিনিধিরাও ঘটনাস্থলে এসে দুই পক্ষের সঙ্গে কথা বলেন। শেষ পর্যন্ত পুলিশ ও বিধায়কের প্রতিনিধির মধ্যস্থতায় মুখোমুখি আলোচনার মাধ্যমে অচলাবস্থার অবসান ঘটে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দীর্ঘক্ষণ ধরে চলা উত্তেজনা প্রশমিত হয়।


