Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভিকা গোরকে ঘিরে উদ্বেগে তাঁর অনুরাগীরা (Avika Gor)। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে টানা পাঁচ দিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছিল। তবুও কাজ থামাননি অভিকা।
১০৪ ডিগ্রি জ্বর নিয়েও শেষ করলেন শুটিং (Avika Gor)
অভিকার স্বামী মিলিন্দ চন্দওয়ানি জানিয়েছেন, একটি প্রজেক্টের দু’দিনের শুটিং বাকি ছিল। প্রবল জ্বর নিয়েও সেই শুটিংয়ে হাজির হন অভিনেত্রী। তাঁর পেশাদারিত্ব এতটাই প্রশংসনীয় ছিল যে দু’দিনের কাজ একদিনেই শেষ হয়ে যায়। এরপর তাঁকে দু’দিনের ছুটি দেওয়া হয়েছিল।
হাঁটতেও পারছিলেন না, তবুও দিল্লি যাত্রা (Avika Gor)
ছুটির সময় প্রায় সারাদিন বিছানায় ছিলেন অভিকা। ওষুধ চললেও দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটতে পারছিলেন না, এমনকী খাবার খেতেও সমস্যা হচ্ছিল। এর মধ্যেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তাঁকে দিল্লি যেতে হয়। কাজের প্রতিশ্রুতি দেওয়া থাকায় শুটিং বাতিল করতে চাননি অভিনেত্রী।
ওআরএস খেয়েই চালিয়ে গিয়েছেন শুটিং (Avika Gor)
অভিকার সঙ্গে দিল্লি যাওয়া দলের এক সদস্য জানিয়েছেন, শুটিংয়ের সময় অভিনেত্রীর ঠিকমতো দাঁড়িয়ে থাকার ক্ষমতাও ছিল না। খাবার খেতে না পারায় মূলত ওআরএস-এর উপর নির্ভর করেই কাজ চালিয়েছেন তিনি। দিল্লি থেকে মুম্বই ফেরার পর পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে ডেঙ্গু।
আরও পড়ুন: Kolkata Metro: CMS পরীক্ষার্থীদের জন্য রবিবার ভোর থেকেই বিশেষ মেট্রো পরিষেবা
কাজের নিষ্ঠার প্রশংসা, এখন সুস্থতাই প্রার্থনা
মিলিন্দ বারবার অভিকাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, প্রযোজকরা পরিস্থিতি বুঝবেন এবং শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব। কিন্তু অভিকার চিন্তা ছিল, শুটিং বাতিল হলে অন্যদের সময় নষ্ট হবে এবং আর্থিক ক্ষতি হতে পারে। কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করলেও এখন তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



