Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই রাজনৈতিক অবস্থান বদলাল শিরোমণি অকালি দল (Akali BJP Alliance)। দলের সভাপতি সুখবীর সিং বাদল কেন্দ্র সরকারের ডিলিমিটেশন (সীমানা পুনর্বিন্যাস) বিল এবং মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে বাস্তবায়নের পক্ষে সওয়াল করেছেন।
ডিলিমিটেশন বিলে সমর্থন (Akali BJP Alliance)
চণ্ডীগড়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর অকালি দল জানিয়েছে, কেন্দ্র সরকারের প্রস্তাব অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যে সমহারে ৫০ শতাংশ আসন বৃদ্ধির শর্তে তারা সীমানা পুনর্বিন্যাস বিল সমর্থন করছে। প্রসঙ্গত, এর আগে যখন এই বিল সংসদে আনা হয়, তখন অকালি দল পাঞ্জাবের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছিল।
মহিলা সংরক্ষণ বাস্তবায়নের দাবি
সামাজিক মাধ্যমে সুখবীর সিং বাদল জানান, শিখ গুরুদের দেখানো পথ অনুসরণ করেই তাঁরা নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিচ্ছেন। অকালি দলের নিয়ন্ত্রণাধীন শিরোমণি গুরদ্বারা প্রবন্ধক কমিটি (SGPC) ইতিমধ্যেই নিজেদের সংস্থায় নারীদের জন্য আসন সংরক্ষণ নিশ্চিত করেছে। এবার কেন্দ্রীয় স্তরেও এই আইন কার্যকরের জোর দাবি জানিয়েছে দল।
পুরনো জোটের পুনরুজ্জীবন (Akali BJP Alliance)
রাজনীতির অন্দরে খবর, বাদলের এই ইউ-টার্ন আগামী পাঞ্জাব নির্বাচনের আগে অকালি দল ও বিজেপির পুরনো জোট ফের ফিরিয়ে আনার স্পষ্ট ইঙ্গিত। ২০২০ সালে বিতর্কিত তিনটি কৃষি আইনের প্রতিবাদে এনডিএ (NDA) থেকে বেরিয়ে এসেছিল অকালি দল। এর ফলে ভেঙে গিয়েছিল প্রায় আড়াই দশকের পুরনো ঐতিহাসিক সম্পর্ক।
আরও পড়ুন: Delhi Acci: দিল্লিতে গতির বলি: পুলিশকর্মীর মদ্যপ ছেলের গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নির্বাচনী ধাক্কা ও নতুন শর্ত (Akali BJP Alliance)
২০২২-এর রাজ্য বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে দুই দল আলাদা লড়াই করে চরম ধাক্কা খায়। ২০২৪-এর লোকসভায় বিজেপি কোনো আসন পায়নি, আর অকালি দল মাত্র ১টি আসনে জয়ী হয়। সূত্রের খবর, পাঞ্জাব বিজেপি, অকালি দল এবং আরএসএস নেতারা ফের জোট পুনরুজ্জীবিত করতে ইচ্ছুক। তবে আগে অকালি দল বড় ভাইয়ের ভূমিকায় থাকলেও, এবার বিজেপি সমান মর্যাদার ভিত্তিতে জোট গড়তে আগ্রহী।



