Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই দল গুছিয়ে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তবে আইএসএল ও এএফসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে এবার ষষ্ঠ বিদেশির সন্ধানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আর এই খোঁজার মাঝেই জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্কটিশ স্ট্রাইকার লি আরউইনের নাম।
কে এই লি আরউইন? (Mohun Bagan)
স্কটিশ এই ফুটবলার অতীতে ইংল্যান্ডের লিডস ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন। কেরিয়ারে মাদারওয়েল, কিলমারনকের পাশাপাশি ফিনল্যান্ডের হাকা এবং লেবাননের আহেদের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকি স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৭, ১৮ ও ১৯ জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি।
হিজাজির মন্তব্য (Mohun Bagan)
সাম্প্রতিক সময়ে জর্ডনের ক্লাব আল ফয়সলি-তে খেলেছেন লি আরউইন। সেই ক্লাবেই খেলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের। ফলে আরউইনের দক্ষতা নিয়ে তাঁর থেকে ভালো আপডেট আর কেই বা দেবেন? একটি সাক্ষাতকারে হিজাজি জানিয়েছেন, আরউইন একজন ‘কোয়ালিটি স্ট্রাইকার’। পরিসংখ্যান অনুযায়ী তিনি আল ফয়সলির হয়ে ৫টি গোল করেছেন। তবে প্রশ্ন উঠতেই পারে, এই গোলসংখ্যা কি একজন বিদেশির নামের প্রতি সুবিচার করে? এই বিষয়ে হিজাজির সাফাই, “লি আরউইন তো আল ফয়সলির হয়ে গত মরশুমে সব ম্যাচ খেলেনি। আর্থিক সমস্যার জন্য ক্লাব ছেড়ে চলে যায়।”

ক্লেটন সিলভার সঙ্গে তুলনা (Mohun Bagan)
ইস্টবেঙ্গলে হিজাজি একসঙ্গে খেলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্লেটন সিলভার সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, লি আরউইন কি তবে ক্লেটনের মতোই ক্ষুরধার? এই তুলনার জবাবে হিজাজি কিছুটা রাখঢাক রেখেই জানিয়েছেন, “আমার মতে ক্লেটন একটু এগিয়ে থাকবে।” তাহলে কি ক্লেটনের মানের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবেন স্কটিশ এই ফরোয়ার্ড? এই প্রশ্নটি থেকেই যাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।
আরও পড়ুন: MB Bastab Roy: কোচ বাস্তব রায়ের চাকরি চলে যাওয়ার পথে!
সবুজ-মেরুনের পরবর্তী পদক্ষেপ (Mohun Bagan)
সূত্রের খবর, মোহনবাগানের ম্যানেজমেন্টের (Mohun Bagan) টেবিলে একাধিক ফুটবলারের বায়োডাটা এসে পৌঁছেছে। সেই দীর্ঘ তালিকারই একজন হলেন লি আরউইন। প্রশ্ন উঠছে, আইএসএল ও মহাদেশীয় প্রতিযোগিতার চাপ সামলাতে লি আরউইনই কি শেষ পর্যন্ত সবুজ-মেরুনের তুরুপের তাস হবেন? নাকি শেষ মুহূর্তে অন্য কোনও চমক দেবে ম্যানেজমেন্ট?



