Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অমিত কুমার সরকার: আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে ফুলিয়ার তাঁতশিল্পীরা নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ (Independence Day)। এবার আর সাধারণভাবে কাপড় তৈরি করে তার উপর নকশা, সেলাই বা স্ট্যাম্পিংয়ের মাধ্যমে নয়, সরাসরি তাঁতে বুনেই তৈরি করা হচ্ছে ভারতের জাতীয় পতাকা। বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জাতীয় পতাকার আবেগকে মিলিয়ে এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে।

তাঁতেই ফুটে উঠছে অশোক চক্র (Independence Day)
এই বিশেষ পতাকা তৈরিতে ব্যবহার করা হচ্ছে হ্যান্ডলুমের ‘কাট-শাটল’ পদ্ধতি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কাপড় বোনার পাশাপাশি বুননের মধ্যেই ফুটিয়ে তোলা হচ্ছে অশোক চক্র। ফলে আলাদা করে স্ট্যাম্পিং বা সেলাইয়ের প্রয়োজন হচ্ছে না। জাতীয় পতাকার নির্দিষ্ট ২:৩ অনুপাত বজায় রেখে ২১ ইঞ্চি মাপের ভিত্তিতে তৈরি হচ্ছে এই বিশেষ শিল্পকর্ম।
১০০ শতাংশ সুতি সুতোর ব্যবহার (Independence Day)
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাকের উদ্যোগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হচ্ছে। ‘উইভার সার্ভিস সেন্টার’-এর সহযোগিতায় তৈরি পতাকায় ব্যবহার করা হয়েছে ১০০ শতাংশ সুতি সুতো। প্রায় ৯২ কাউন্টের সুতো ব্যবহার করে তাঁতশিল্পের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছে।
স্বদেশী ভাবনার বার্তা (Independence Day)
এই উদ্যোগের নেপথ্যে রয়েছে স্বদেশী চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করে তোলা। বাংলার নিজস্ব তাঁত, দেশীয় সুতো এবং স্থানীয় শিল্পীদের দক্ষতার মাধ্যমে জাতীয় পতাকা তৈরি করে দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি স্বনির্ভরতার বার্তাও দিতে চাইছেন শিল্পীরা।

টাঙ্গাইল তন্তুবায় সমবায় সমিতির ভূমিকা (Independence Day)
এই বিশেষ জাতীয় পতাকা তৈরির কাজ করছে টাঙ্গাইল তন্তুবায় সমবায় সমিতি। তাঁদের মতে, জাতীয় পতাকার মতো আবেগঘন প্রতীককে তাঁতের মাধ্যমে তৈরি করা অত্যন্ত সূক্ষ্ম ও দায়িত্বশীল কাজ। তাই নিয়মকানুন সম্পর্কে খোঁজখবর নিয়েই সম্পূর্ণ প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্বাধীনতা দিবসে উড়বে বাংলার তাঁতের পতাকা
শুধু তৈরি করেই থেমে থাকতে চান না শিল্পীরা। আগামী স্বাধীনতা দিবসে এই বিশেষভাবে বোনা জাতীয় পতাকার কয়েকটি কপি ওড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ১৫ আগস্টের উদযাপনে বাংলার তাঁতশিল্পের নিজস্ব পরিচয়কে সামনে আনতে চান তাঁরা।
আরও পড়ুন:North Bengal: বাঙালি-ভাটিয়াদের নিয়ে মন্তব্যে আইনি জটিলতায় তৃণমূল যুবনেতা

পৌঁছে দিতে চান প্রশাসনের কাছেও
‘উইভার সার্ভিস সেন্টার’-এর মাধ্যমে এই বিশেষ শিল্পকর্ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং সম্ভব হলে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের কাছেও এটি পৌঁছে দিতে চান শিল্পীরা। তাঁদের আশা, বাংলার তাঁতে বোনা এই জাতীয় পতাকা দেশের ঐতিহ্য, স্বদেশী ভাবনা এবং শিল্পীদের সৃজনশীলতার এক অনন্য নিদর্শন হয়ে উঠবে।



