Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার রাতে ইস্টবেঙ্গল (East Bengal AFC)বোঝাল আহত বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে। শুধু ক্লাব নয়, দেশের ফুটবলের জন্যেও গর্বের ম্যাচ। কুয়েতের শক্তিশালী ক্লাব আল-আরাবি এসসি-কে অতিরিক্ত সময়ে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে ২০২৬-২৭ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। এই দারুণ জয়ের ফলে কেবল এশিয়ান মঞ্চে নিজেদের জায়গা পাকা করল না লাল-হলুদ ব্রিগেড, একই সঙ্গে এশীয় প্রতিযোগিতায় কোনও ভারতীয় ক্লাবের কুয়েতের কোনও দলকে হারানোর প্রথম নজিরও সৃষ্টি করল। তা নিয়েই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
দেবব্রত সরকারের উল্লাস (East Bengal AFC)
ম্যাচের পর দলের এই ঐতিহাসিক সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ভারতীয় ফুটবলারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “ভারতীয়রা পারে। ইচ্ছা থাকলে হয়। যারা ভারতীয় ফুটবলের কর্ণধার, ইস্টবেঙ্গল তাদের এই শিক্ষাই দিল। আজ মূলত ভারতীয় ফুটবলাররাই মাঠে রাজত্ব করেছে। অধিকাংশ সময় ওরাই তো খেলল। অতএব ভারতীয়রা পারে। আমাদের ইচ্ছে শক্তিটা আরও খানিকটা বাড়াতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে যদি আমরা লড়াই করতে পারি, তাহলে ভারতীয় ফুটবলে অবশ্যই সাফল্য আসবে।” তিনি আরও যোগ করেন, ভারতীয় ফুটবলারদের দক্ষতা কারোর থেকে কোনো অংশে কম নয় এবং কুয়েতের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইস্টবেঙ্গল সেটাই প্রমাণ করে দিয়েছে।
আরও পড়ুন: Ashmita Dey: সরকার থেকে জমি ও ১০ লক্ষ টাকা উপহার পেলেন কমনওয়েলথে ইতিহাস গড়া জুডোকা অস্মিতা দে
কোচের সাহসী সিদ্ধান্ত (East Bengal AFC)
স্থানীয় ফুটবলারদের পাশাপাশি দলের বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসাও করতে ভোলেননি দেবব্রত সরকার (East Bengal AFC)। তবে পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, পুরো ১২০ মিনিট খেলার মতো ফিটনেস হয়তো এখনও বিদেশিদের পুরোপুরি তৈরি হয়নি। একই সঙ্গে দলের কোচের কৌশলগত সিদ্ধান্ত এবং সাহসিকতার প্রশংসা করে লাল হলুদ শীর্ষকর্তা জানান, পিছিয়ে থাকা সত্ত্বেও কোচ যেভাবে দলের ভারতীয় ফুটবলারদের উপর ভরসা রেখেছেন এবং সঠিক সময়ে বদলি নামিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সব মিলিয়ে, কোচ ও ফুটবলারদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অবিস্মরণীয় জয় এসেছে বলে মনে করেন তিনি।



