Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ (Ajo Ardhangini) দর্শকদের মনে তৈরি করেছিল এক অন্যরকম আবেগ। বর্তমান ও অতীতের সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর না-পাওয়া নিয়ে তৈরি সেই গল্পের রেশ এবার আরও গভীরভাবে ফিরে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’-তে। আগের ছবির অসমাপ্ত অধ্যায় থেকেই শুরু হবে নতুন কাহিনি।
দুই নারী, এক পুরুষের জটিল সম্পর্ক (Ajo Ardhangini)
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে (Ajo Ardhangini) আবারও দেখা যাবে জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেনকে। গল্পের কেন্দ্রে রয়েছে শুভ্রা ও মেঘনা-দুই নারী, যাঁদের জীবন এক পুরুষকে ঘিরে জটিল সম্পর্কে বাঁধা পড়ে যায়। তবে এবার গল্প শুধু সম্পর্কের নয়, বরং আত্মসম্মান, ক্ষমা এবং নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার লড়াইয়েরও।
প্রকাশ্যে ছবির ট্রেলার
ছবির ট্রেলার প্রকাশের পরেই তৈরি হয়েছে কৌতূহল। গল্পে দেখা যাবে, সুমনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বহুদিন পর আবার পুরনো সম্পর্কের মানুষদের মুখোমুখি হবে শুভ্রা। সেখানে দেখা হবে মেঘনা ও সুমনের সঙ্গে। যদিও নিজের পুরনো জীবনে ফিরে যেতে চায় না শুভ্রা, কিন্তু মেঘনার অনুরোধে আবারও জড়িয়ে পড়বে সেই সম্পর্কের জটিলতায়।
আরও পড়ুন: Vidyasagar Bridge Closure: দ্বিতীয় হুগলি সেতুতে রবিবার বন্ধ যান চলাচল?
অন্যদিকে সুমন ও মেঘনার দাম্পত্য জীবনেও রয়েছে অশান্তি। মিথ্যার ভিত্তিতে তৈরি এই সম্পর্ক কতটা টিকে থাকতে পারে, সেই প্রশ্নই সামনে আসবে ছবিতে। মেঘনার জীবনে নতুন সংকট, তাঁর অনাগত সন্তানের পরিচয় এবং ইন্দ্রশীষ রায়ের চরিত্রের রহস্য গল্পে যোগ করবে নতুন মাত্রা।
‘আজও অর্ধাঙ্গিনী’ শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং দুই নারীর যন্ত্রণা, শক্তি এবং একসঙ্গে দাঁড়িয়ে নতুন অর্থ খোঁজার কাহিনি। আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।


