Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে তারকাসন্তানদের প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা নতুন কিছু নয় (Ananya Panday)। তবে এবার সেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিত্য রয় কাপুর এবং ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ও বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে কি ফের নতুন প্রেমে মজেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা? বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার-এর ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তাঁর নাম জড়াতেই শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি লন্ডনে দু’জনের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত সামনে আসতেই জল্পনা আরও বেড়েছে। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
লন্ডনে একসঙ্গে অনন্যা ও আরভ, নতুন প্রেমের গুঞ্জন! (Ananya Panday)
সম্প্রতি আরভ ভাটিয়ার সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনন্যা। আর সেই ছবি ও মুহূর্ত ঘিরেই বলিউডের অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তবে কি আদিত্য রয় কাপুর ও ওয়াকার ব্লাঙ্কোর পর এবার আরভের সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী? যদিও এই বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে আপাতত বিষয়টি গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
বিয়ে করতে চান অনন্যা, চাইছেন সন্তানও! (Ananya Panday)
নতুন প্রেমের জল্পনার মধ্যেই বিয়ে এবং মাতৃত্ব নিয়ে নিজের মনের কথা প্রকাশ করেছেন অনন্যা। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, অতীতের অভিনেত্রীরা কেন নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইতেন না? অন্যদিকে, বর্তমান প্রজন্মের অভিনেত্রীরা কেরিয়ারের পাশাপাশি সংসার ও সন্তান নিয়েও ভাবছেন কেন?
উত্তরে অনন্যা জানান, আগের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যেও হয়তো বিয়ে নিয়ে দ্বিধা ছিল। কিন্তু সেই সময়ে নিজেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানানোর স্বাধীনতা অনেকটাই কম ছিল। বর্তমান প্রজন্মের সামনে এখন অনেক উদাহরণ রয়েছে। সেই উদাহরণ থেকেই নিজেদের মতামত প্রকাশ করা এবং প্রয়োজনে না বলার সাহস পাচ্ছেন তাঁরা।

‘ভালোবাসাই সবকিছু’, কেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী? (Ananya Panday)
নিজের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে অনন্যা বলেন, তিনি ভীষণ রোম্যান্টিক। তাঁর কাছে ভালোবাসাই সবকিছু। তাই এখনই বিয়ের পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চান। শুধু বিয়েই নয়, সন্তান নেওয়ার ইচ্ছেও রয়েছে তাঁর। অভিনেত্রীর এই মন্তব্য সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। আরভের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আবহে তাঁর বিয়ে ও সন্তান নিয়ে আগ্রহ প্রকাশকে ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
আরও পড়ুন: Anna Hazare Controversy: বিজেপি-আরএসএসের মদতে আন্দোলন? সোনিয়ার দাবিকে ‘ভুয়ো’ বললেন আন্না হাজারে
স্বজনপোষণ বিতর্কেও স্পষ্ট অনন্যার অবস্থান
অন্যদিকে, কেরিয়ারের পাশাপাশি স্বজনপোষণ বা নেপোটিজম বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অনন্যা। তাঁর কথায়, এই বিষয়টি অস্বীকার করে কোনও লাভ নেই। তিনি চাঙ্কি পাণ্ডের মেয়ে এবং তা নিয়ে গর্বিত। তবে বাবার পরিচয়কে কখনও নেতিবাচকভাবে দেখতে চান না। কারণ তাঁর বাবা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন এবং এখনও করে চলেছেন।



