Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের ধাক্কা এবার আইএসএলেও (Anwar Ali)। চোটের কারণে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আনোয়ার আলি। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আল-সিবের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে গিয়ে পেশিতে চোট পান তিনি। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন লাল-হলুদের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তখন থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল, পরের ম্যাচে হয়তো পাওয়া যাবে না ভারতীয় দলের এই ডিফেন্ডারকে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। লিগের গুরুত্বপূর্ণ সময়ে আনোয়ারকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা ইস্টবেঙ্গলের কাছে।
চেন্নাই সফরে যাচ্ছেন না আনোয়ার (Anwar Ali)
শুক্রবার চেন্নাইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ইস্টবেঙ্গল দলের। কিন্তু সেই সফরে সঙ্গী হচ্ছেন না আনোয়ার আলি। তাঁর চোট খুব গুরুতর না হলেও মরশুমের শুরুতেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষণভাগের ফুটবলারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না হাবাস। তাই চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনোয়ারের অনুপস্থিতিতে রক্ষণভাগের দায়িত্ব সামলানো এখন হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ।
আইএসএলে নজর লাল-হলুদের (Anwar Ali)
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে প্রত্যাশিত ফল পায়নি ইস্টবেঙ্গল। চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের একেবারে শেষ স্থানে রয়েছে তারা। ফলে এশীয় প্রতিযোগিতার হতাশা পিছনে ফেলে এবার আইএসএলে মনোনিবেশ করতে চাইছে লাল-হলুদ শিবির। বর্তমানে আইএসএলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্য দলগুলি যেখানে ইতিমধ্যেই চারটি করে ম্যাচ খেলে ফেলেছে, সেখানে এএফসি সূচির কারণে ইস্টবেঙ্গলের ম্যাচ সংখ্যা মাত্র দুটি। সেই দুই ম্যাচেই জয় পেয়েছে হাবাসের দল। এবার চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় তারা।
আনোয়ারের চোটে রক্ষণ নিয়ে চিন্তা (Anwar Ali)
গত মরশুমে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। চলতি মরশুমেও শুরুটা আশাব্যঞ্জক হয়েছে লাল-হলুদের। কিন্তু তার মধ্যেই আনোয়ারের চোট নতুন করে চিন্তা বাড়িয়েছে কোচের। গত মরশুমে রক্ষণভাগে ধারাবাহিকতা দেখিয়েছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। ফলে তাঁকে না পাওয়া দলের রক্ষণাত্মক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি গোলের সুযোগ নষ্ট করার প্রবণতাও ভাবাচ্ছে হাবাসকে। সব মিলিয়ে চেন্নাই সফরের আগে কিছুটা হলেও চাপে লাল-হলুদ কোচ।
আরও পড়ুন: WPL 2027: হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু মহিলাদের আইপিএল! মুখোমুখি স্মৃতি-হরমনপ্রীত
এমআরআই রিপোর্টের অপেক্ষা (Anwar Ali)
ক্লাবের তরফে জানানো হয়েছে, আনোয়ারের চোটের প্রকৃতি ও গভীরতা বুঝতে ইতিমধ্যেই এমআরআই করা হয়েছে (Anwar Ali)। রিপোর্ট হাতে পাওয়ার পরই তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। আপাতত চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাচ্ছে না। এমনকী ভারতীয় দলের আসন্ন বিদেশ সফরেও তাঁর যাওয়া অনিশ্চিত। তবে মাঠে ফিরতে আনোয়ারের ঠিক কতটা সময় লাগবে, তা এখনই বলা সম্ভব নয়। এমআরআই রিপোর্ট সামনে এলেই পরিস্থিতি আরও পরিষ্কার হবে। আপাতত আনোয়ারের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা।



