Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার পরিচয় তার ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে। বইমেলা থেকে কলেজ স্ট্রিট, পাড়ার গ্রন্থাগার থেকে রাজনৈতিক দলের বুকস্টল—বই বরাবরই বাঙালির চিন্তা ও প্রতিবাদের অন্যতম হাতিয়ার (Book Stall Attack)। অথচ সেই বইকে কেন্দ্র করেই এবার উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুকস্টল ভাঙচুর, ছাত্র সংগঠনের সংঘর্ষ, ইট-ডিম-জলের বোতল ছোড়াছুড়ি, এমনকী বর্ষীয়ান বাম নেতা বিমান বসুকে ঘিরে আপত্তিকর স্লোগান। সব মিলিয়ে বইকে কেন্দ্র করে এমন সংঘাত বাংলার সাংস্কৃতিক পরিসরে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
বুকস্টল ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত কলেজ স্ট্রিট (Book Stall Attack)
উৎসবের মরশুম থেকেই বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ সামনে আসতে শুরু করে। সপ্তমীর সন্ধ্যায় যাদবপুরে বুলডোজার নিয়ে সিপিআইএমের বুকস্টল ভাঙার চেষ্টার অভিযোগ ওঠে। পুজো শেষ হতেই বইকে কেন্দ্র করে সংঘাতের আঁচ পৌঁছয় কলেজ স্ট্রিটে। এসএফআই ও এবিভিপির সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বইপাড়া। দুই ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান, স্লোগান-পাল্টা স্লোগান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এসএফআইয়ের বুকস্টল লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ইট ও জলের বোতল। এমনকী চকোলেট বোমা ছোড়ার অভিযোগও তুলেছে বামেরা।
বিমান বসুকে ঘিরে স্লোগান, রাজনৈতিক তরজা তুঙ্গে (Book Stall Attack)
এই উত্তপ্ত পরিস্থিতিতে এসএফআইয়ের বুকস্টলে পৌঁছন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁকে উদ্দেশ্য করে ‘চোর’, ‘গো ব্যাক’ এবং ‘জুতো মারো’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে এবিভিপি কর্মীদের বিরুদ্ধে। বর্ষীয়ান এই নেতাকে ঘিরে এমন আচরণে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। ঘটনার প্রতিবাদে সরব হন বিরোধী নেতারা। সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্যও এই ঘটনার তীব্র নিন্দা করেন।
বইয়ের উপর আক্রমণ, বিরোধীদের নিশানায় বিজেপি (Book Stall Attack)
বইয়ের উপর আক্রমণকে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক পরিসরের উপর আঘাত হিসেবেই দেখছে বিরোধীরা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য, মানুষ যত বেশি বই পড়বে, তত বেশি প্রশ্ন করবে। তাঁর অভিযোগ, প্রশ্নের মুখোমুখি হতে না চাওয়ার প্রবণতা থেকেই বইকে ঘিরে এই ধরনের ঘটনা ঘটছে। কংগ্রেস নেতা রোহন মিত্রও বইয়ের উপর আক্রমণকে অসাংবিধানিক বলে প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূলের তরফেও আরএসএস ও বিজেপিকে নিশানা করা হয়েছে।
বামেদের উপরেই দায় চাপাল বিজেপি (Book Stall Attack)
অন্যদিকে, কলেজ স্ট্রিটে বইকে কেন্দ্র করে গোলমালের সম্পূর্ণ দায় বামেদের উপরেই চাপিয়েছে বিজেপি। রাজ্যের শাসক দলের প্রশ্ন, ৩৪ বছরের বাম শাসনে কেন কলেজ স্ট্রিটে বামেরা বুকস্টল করেনি? রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতে, সাংস্কৃতিক পরিসরে বামেদের দীর্ঘদিনের আধিপত্য বজায় রাখার প্রবণতা থেকেও এই ধরনের সংঘাতের জন্ম হতে পারে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
‘ওরা যত বেশি পড়ে, তত কম মানে’—প্রাসঙ্গিক হচ্ছে হীরক রাজার সংলাপ?
বই মানুষের চিন্তাভাবনা, যুক্তিবোধ ও প্রশ্ন করার ক্ষমতাকে সমৃদ্ধ করে। তাই রাজনৈতিক মতাদর্শের সংঘাতের জায়গা কখনও বইয়ের পাতা কিংবা সাংস্কৃতিক পরিসর হতে পারে না। রবীন্দ্রনাথ-বিদ্যাসাগরের বাংলায় বইকে ঘিরে এই সংঘাত নিঃসন্দেহে উদ্বেগের। সত্যজিৎ রায়ের ‘হীরক রাজা’র সেই বিখ্যাত উক্তি—‘ওরা যত বেশি পড়বে, তত কম মানবে’—তবে কি ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে? বইয়ের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার কি রাজনৈতিক সংঘাতের চাপে ক্রমশ সংকুচিত হচ্ছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনীতি ও সাংস্কৃতিক মহলে।



