Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর পোশাকে (Police Uniform) এবার অভিন্নতা আনার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। ‘ওয়ান নেশন, ওয়ান পুলিশ ইউনিফর্ম’ (One Nation One Uniform) নীতি বাস্তবায়নে তৎপরতা বাড়াল ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BPRD)। দেশের প্রতিটি রাজ্যের পুলিশ বাহিনীর ইউনিফর্ম সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সেই মর্মে চিঠি এসে পৌঁছেছে রাজ্য পুলিশের কাছেও।
বদলে যাচ্ছে পুলিশের চেনা পোশাক? (Police Uniform)
কাশ্মীর থেকে কন্যাকুমারী, এবার কি বদলে যেতে চলেছে পুলিশ বাহিনীর চিরাচরিত পোশাক? দেশজুড়ে সমস্ত পুলিশের পোশাকে সামঞ্জস্য ও অভিন্নতা আনতে ‘এক দেশ, এক পুলিশ ইউনিফর্ম’ রূপায়ণে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকার। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর তরফে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে তাদের পুলিশকর্মীদের বর্তমান ইউনিফর্ম সম্পর্কিত বিশদ বিবরণ চাওয়া হয়েছে।
আরও পড়ুন:Bread Price Hike: সস্তার ব্রেকফাস্টে এবার ‘দামি’ পাউরুটি, ১৭ অগস্ট থেকেই কার্যকর নতুন দাম
কেন্দ্র নির্দেশিকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটেও। ব্যারাকপুর আর্মড পুলিশের IG-কে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ মেমোতে। কনস্টেবল থেকে SP এবং উচ্চপদস্থ আধিকারিকদের পোশাক (Police Uniform) সম্পর্কিত তথ্য নির্দিষ্ট ফরম্যাটে তলব। সিভিল পুলিশ এবং ট্রাফিক পুলিশের পোশাকের বিবরণ আলাদাভাবে দেওয়ার নির্দেশ।
সংগ্রহ করা হচ্ছে পুলিশি পোশাকের খুঁটিনাটি ডাটা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে, পুলিশ ইউনিফর্ম মান্যকরণের প্রক্রিয়াটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এ নিয়ে বিশেষ প্রেজেন্টেশন পেশ করা হবে। তার আগেই দেশের প্রতিটি কোণ থেকে সংগ্রহ করা হচ্ছে পুলিশি পোশাকের খুঁটিনাটি ডাটা (Police Uniform)। পুলিশকর্মীদের হেডগিয়ারের ধরন ও রং, ল্যানইয়ার্ডের ধরন ও রং, বেল্টের ধরন এবং জুতোর ধরন ও রং- সমস্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
বর্তমানে একেকটি রাজ্যে পুলিশ বাহিনীর ইউনিফর্ম (Police Uniform), টুপি, বেল্ট বা জুতোয় নানাবিধ পার্থক্য দেখা যায়। সেই বৈচিত্র্যের জায়গায় একটি নির্দিষ্ট জাতীয় মানদণ্ড তৈরি করাই কেন্দ্রের মূল লক্ষ্য। তবে এখনই রাজ্যগুলির উপর জোর করে কোনো নতুন পোশাক চাপিয়ে দেওয়া হচ্ছে না; আপাতত প্রস্তাবিত কাঠামোর জন্য তথ্য পঞ্জীকরণ চলছে। কেন্দ্রের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটও দ্রুত তথ্য সংকলন করে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।


