Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কেটিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন জানিয়ে বুধবার আবারও হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করল ‘কালীঘাট’ তৃণমূল। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগের বিষয়ে সব পক্ষের মতামত চাইলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। বেসরকারি ব্যাঙ্ক কতৃপক্ষ আদালতে জানাল, মোট তিনটি অ্যাকাউন্টের ভিত্তিতেই তারা হলফনামা দিয়েছে। আগামীকাল তথা বৃহস্পতিবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি।
অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন (Calcutta High Court)
তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন জানিয়ে বুধবার আবারও আদালতের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করলেন ‘কালীঘাট’ তৃণমূলের আইনজীবী। গতকাল তথা মঙ্গলবার অ্যাকাউন্ট ফ্রিজ মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতে ধাক্কা খেয়েছিল প্রাক্তন শাসক দল। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছিলেন, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। এবং বিচারপতি তখনই মন্তব্য করেছিলেন, ‘একদিন দেরি হলে মাথায় আকাশ ভেঙ্গে পড়বে না!’ এবার অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন নিয়ে ফের আদালতের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।
স্পেশাল অফিসার নিয়োগ (Calcutta High Court)
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত বলেন, শুধু তিনটি নয়, তাদের আরও বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাই তাদের অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। এরপরই এই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগের বিষয়ে সব পক্ষের মতামত চাইলেন বিচারপতি।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের হলফনামা (Calcutta High Court)
আদালত আগেই তৃণমূলের এই সমস্ত অ্যাকাউন্টের (Calcutta High Court) বিস্তারিত তথ্য বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে তলব করেছিল। সেই নির্দেশের ভিত্তিতে এদিন ব্যাঙ্ক কর্তৃপক্ষ আদালতকে জানায়, মোট তিনটি অ্যাকাউন্টের ভিত্তিতেই তারা আদালতে হলফনামা জমা দিয়েছে। আগামীকাল তথা বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি হবে।তৃণমূলের আবেদন সাড়া দিয়ে স্পেশাল অফিসারের নজরদারিতে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি আদালত দেয় কি না, সেটাই এখন দেখার।
কাদের হাতে থাকবে দলের তহবিল ?
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে দল। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল এবং অপরটি বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ভাঙনের পর দলের তহবিল কাদের হাতে থাকবে সেই নিয়ে তৈরি হয়েছে চরম সংঘাত। দলের অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে চিঠি দিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় ঋতব্রত শিবির। সেই আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৪৪০ কোটি টাকার যাতে কোনও রকম লেনদেন না হয় তার জন্য ব্যাঙ্ককে নির্দেশ দেয় পুলিশ। এরপরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলো খুলে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।
অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি
গত মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য, অভিযোগ দায়েরের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিচারপতি বলেন, ‘অভিযোগ দায়েরের সময়টা যথেষ্ট সন্দেহজনক। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযোগ দায়ের হল। আর পরেরদিন সকালেই ব্যাঙ্ক জানাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কেন অপরাধের অভিযোগে ওঠেনি! তাহলে হঠাৎ অভিযোগের পর পুলিশ কিসের ভিত্তিতে এত তড়িঘড়ি ফ্রিজ করার জায়গায় চলে গেল!’
আরও পড়ুন : DADA Poster: মহারাজের জন্মদিনে প্রকাশ্যে দাদা বায়োপিকের পোস্টার
গত শুনানিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, ‘তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে। তৃণমূল দলটা দুই ভাগে বিভিক্ত হয়ে গিয়েছে। তাই দুই পক্ষই তাদের টাকা বলে দাবি করলে তখন কী হবে! তাই ওই অ্যাকাউন্ট গুলোতে এখন কোনও লেনদেন করতে দেওয়া ঠিক হবে না। তাই এখন অ্যাকাউন্ট গুলো বন্ধ রাখা উচিৎ।’
আরও পড়ুন : Subhashree Ganguly: “শাস্তির অভাব…” বারুইপুর কাণ্ড নিয়ে সরব শুভশ্রী
বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ জানান, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে স্পেশাল অফিসার নিয়োগ করা হতে পারে। তাঁর নজরদারিতে দৈনিক খরচ চালানোর জন্য তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে কোনও বড় খরচ করা যাবে না। এবং নীতিগত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারপরই বিচারপতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলোর যাবতীয় তথ্য চেয়ে শরৎ বোস রোডের বেসরকারি ব্যাঙ্ক কতৃপক্ষের থেকে হলফনামা তলব করেন। এবং এই মামলায় তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তার রিপোর্টও এক সপ্তাহের মধ্যে পুলিশের থেকে তলব করেন। এবং তৃণমূলের অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ থাকবে বলে জানিয়ে দেয় হাইকোর্ট। আগামীকাল এই মামলার আবারও শুনানি হবে।


