Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ম্যাচ গড়াপেটার (CFL Match Fixing) ছায়া। যদিও এখনও পর্যন্ত বড়সড় কোনও প্রমাণ মেলেনি, তবুও গত কয়েক মরশুম ধরে চলা এই বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। এর আগে গড়াপেটার অভিযোগে কয়েকজন অভিযুক্ত গ্রেফতারও হয়েছেন। এই পরিস্থিতিতে চলতি মরশুমের শুরু থেকেই সমস্ত ক্লাবকে কঠোর সতর্কবার্তা দিয়েছিল আইএফএ। সাফ জানানো হয়েছিল, সামান্যতম সন্দেহ দেখা দিলেও যেন সঙ্গে সঙ্গে বিষয়টি আইএফএ-কে জানানো হয়।
উয়াড়ীর ম্যাচ হার ও আইএফএ-তে তলব (CFL Match Fixing)
সম্প্রতি ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ম্যাচে ১-৩ গোলে হেরে যাওয়ার পর নড়েচড়ে বসে উয়াড়ী অ্যাথলেটিক ক্লাব। ম্যাচ গড়াপেটার জোরালো সন্দেহ প্রকাশ করে গত ২৬ জুলাই উয়াড়ী কর্তারা সরাসরি চিঠি দেন আইএফএ-কে। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার আইএফএ ভবনে তলব করা হয় অভিযুক্তদের।
দুই পক্ষের দাবি (CFL Match Fixing)
আইএফএ-র ইন্টিগ্রিটি অফিসার সুরজিৎ দে এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত দুই ফুটবলারকে সামনে রেখেই এই জেরা প্রক্রিয়া চলে। ক্যালকাটা পুলিশ ম্যাচের দিন প্রথম একাদশে ও রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের পাশাপাশি ক্লাবের কোচ এবং কর্তারাও এ দিন আইএফএ-তে উপস্থিত ছিলেন। উয়াড়ী কর্তা ইন্দ্রনাথ পালের স্পষ্ট দাবি, ফুটবলাররা যদি সত্যিই নির্দোষ হন, তবে তাঁরা তদন্তে সব রকম সহযোগিতা করবেন। আইএফএ পুরো বিষয়টি পুলিশকেও জানাবে বলে জানা গেছে।
আরও পড়ুন: Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন বঙ্গকন্যা! ভারতে এল সোনা
অন্যদিকে, উয়াড়ী ফুটবলারদের পাল্টা অভিযোগ, ক্লাবে দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় দলের অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ থেকেই অনেক ফুটবলার দল ছাড়তে বাধ্য হয়েছেন।
রেনবো ক্লাবের কড়া পদক্ষেপ (CFL Match Fixing)
উয়াড়ী কাণ্ডই শেষ নয়, ম্যাচ গড়াপেটার (CFL Match Fixing) কালো মেঘ ঘনিয়েছে এনবিপি রেনবো এসি-র অন্দরেও। রেনবো ক্লাবের পক্ষ থেকেও দলের ফুটবলারদের বিরুদ্ধে একই ধরনের গড়াপেটার সন্দেহ প্রকাশ করে আইএফএ-কে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট সোমবার তাদের আইএফএ অফিসে হাজিরা দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়ে সরকারিভাবে তাদের দুই ফুটবলার দীপাঞ্জন দেবনাথ এবং চন্দন ওরাওঁ-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে রেনবো ক্লাব কর্তৃপক্ষ।



