Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ন’বছর ধরে ‘লিভ-ইন’ করার পর অবশেষে বান্ধবী জর্জিনার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর তার পরেই শুরু হয়েছে মহা জল্পনা— পর্তুগিজ মহাতারকা কি তবে মধুচন্দ্রিমার জন্য ‘গডস ওন কান্ট্রি’ কেরলকেই বেছে নিচ্ছেন? খাস কেরল ট্যুরিজম তো আগেই অফার লেটার পাঠিয়ে বসে আছে। এখন দেখার, রোনাল্ডো সাহেব সেই গোলমুখী পাস রিসিভ করেন কিনা!
দিদির কেরল দর্শন (Cristiano Ronaldo)
ভাইয়ের হানিমুন ডেস্টিনেশন নিয়ে যখন বিশ্বজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই কেরলে এসে হাজির খোদ রোনাল্ডোর দিদি এলমা আভেইরো! কোঝিকোড়ে একটা ডায়মন্ড শোরুমের ফিতে কাটতে এসেই একেবারে কেল্লাফতে। কেরলে এসে তিনি সোজা হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের দরবারে। মুখ্যমন্ত্রী তো নিজের ফ্যানবয় সত্ত্বা লুকিয়ে রাখতে পারেননি, সটান বলেই ফেললেন, “রোনাল্ডোর জন্য কেরলের মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না!” এলমাও দিদি হিসেবে ভাইয়ের কদর বুঝে কথা দিয়েছেন, এই ভালোবাসার খবর সোজা ক্রিশ্চিয়ানোর কানে পৌঁছে দেবেন। এমনকী সেলফি তোলার আবদারও মেটান মুখ্যমন্ত্রী নিজে।
মুন্নারের চা-বাগান বনাম রোনাল্ডোর সেলিব্রেশন (Cristiano Ronaldo)
কেরল ট্যুরিজমের সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, রোনাল্ডো-জর্জিনা যদি একবার মুন্নারের কুয়াশা মাখা চা-বাগান আর আলেপ্পির ব্যাকওয়াটার দেখেন, তবে হানিমুনের জন্য রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের স্টেডিয়ামও ভুলে যাবেন। মুন্নারের মেঘে ঢাকা পাহাড়ে যখন মেঘেরা ‘গাভীর মতো চড়ে’, তখন রোনাল্ডোও হয়তো গোল মিস করার দুঃখ ভুলে যেতে পারেন। হাজার গোলের মালিকের পা হয়তো কেরলের হাউসবোটে একটু জিরিয়ে নিতেই পারে।
আরও পড়ুন: East Bengal CFL: বড় ম্যাচের আগে বড় জয় ইস্টবেঙ্গলের, আকাশের হ্যাটট্রিকে ইউনাইটেডকে হারাল লাল হলুদ
দিদি কি দাদাকে রাজি করাতে পারবেন? (Cristiano Ronaldo)
এলমা তো কোঝিকোড়ের ডায়মন্ড দেখে মুগ্ধ, কিন্তু তিনি দাদাকে সত্যিই কেরলে হানিমুনে আসার জন্য পটিয়ে তুলতে পারবেন তো (Cristiano Ronaldo)? আপাতত কেরলের চা-বাগান থেকে শুরু করে কোঝিকোড়ের শোরুম— সব জায়গাতেই একটাই ফিসফিসানি, রোনাল্ডো জুটির হানিমুন ডেস্টিনেশন কি তবে সত্যি সত্যি কেরালাই হতে চলেছে? বাঙালি থেকে মালয়ালি— ফুটবলপ্রেমীদের এখন একটাই প্রার্থনা, এসেই যান সিআর সেভেন, মুন্নারে একটা ‘সিউউউ’ সেলিব্রেশন তো পেতেই পারে কেরল!



