Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল (India vs Brazil)। এই ঐতিহাসিক ম্যাচকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা চরমে উঠেছে। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এই ম্যাচের টিকিট বিক্রি। অনলাইন টিকিট বুকিংয়ের জন্য পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপ ও ওয়েবসাইট। ফুটবলপ্রেমীরা এই অ্যাপের নির্দিষ্ট উইন্ডো থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন। যেভাবে টিকিটের চাহিদা রয়েছে, তাতে খুব শীঘ্রই ম্যাচটি ‘সোল্ড আউট’ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
টিকিটের মূল্য ও বিভিন্ন ব্লক (India vs Brazil)
স্টেডিয়ামে বসে এই হাই-ভোল্টেজ ম্যাচ উপভোগ করতে ফুটবলপ্রেমীদের পকেট বেশ ভালোই খসাতে হচ্ছে। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১৫,০০০ টাকা (ভিআইপি আসন)। এছাড়া বিভিন্ন ব্লকের জন্য নির্ধারিত রয়েছে ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪০০০, ৬০০০, ৭০০০ ও ৯০০০ টাকার টিকিট। গোল্ড ক্যাটাগরির টিকিটের মধ্যে রয়েছে A1 ব্লকের বাঁ ও ডান দিকের আসন ৪,৫০০ টাকা, A2-এর দুই পাশের আসন ৯,০০০ টাকা এবং A3-র দুই পাশের আসন ৭,০০০ টাকা। সিলভার ক্যাটাগরিতে রয়েছে A1-এর দুই পাশের দাম ৩,৫০০ টাকা, B1-এর টিকিটের দাম ৯৯৯ থেকে ১,৫০০ টাকা, C1-এর দুই পাশের মূল্য ২,০০০ টাকা এবং D1-এর দাম ৯৯৯ টাকা থেকে ১,৫০০ টাকা। এছাড়া সবচেয়ে দামি ভিআইপি আসনের দুই পাশের টিকিট প্রতিটির মূল্য ১৫,০০০ টাকা ধার্য করা হয়েছে।
ভারতীয় দলের প্রস্তুতি (India vs Brazil)
ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলির জন্য ইতিমধ্যেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প। এরপর ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে দল। ম্যাচ সেরে ২৮ সেপ্টেম্বর কলকাতায় এসে পৌঁছবেন কোচ খালিদ জামিল ও ফুটবলাররা। যুবভারতীতে আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে নামার পর, ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লড়বে ভারত।
আরও পড়ুন: Cristiano Ronaldo: সিআর সেভেনের হানিমুন কেরলে? রেইকি রোনাল্ডোর দিদির!
বিতর্ক ও সমালোচনা (India vs Brazil)
ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে উন্মাদনা থাকলেও, এর নেপথ্যে দানা বেঁধেছে বিতর্ক (India vs Brazil)। ভারতীয় ফুটবলের বর্তমান বেহাল দশা তুলে ধরে এই ম্যাচের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। এআইএফএফের ভূমিকা নিয়ে তোপ দেগে তাঁর প্রশ্ন, ব্রাজিল ফুটবল সংস্থা থেকে ফেডারেশনের অ্যাকাউন্টে যে অর্থ আসার কথা ছিল, তা কি আদৌ এসেছে? এসে থাকলে সেই অর্থের পরিমাণ কত এবং ভবিষ্যতে সেই ঋণ কীভাবে পরিশোধ করা হবে? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও মেলেনি, তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে টিকিট কাউন্টারে উপচে পড়ছে সাধারণ সমর্থকদের ভিড়।



