Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দু’ দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক জয় ও ট্রফি উপহার দিয়েছেন তিনি (Cristiano Ronaldo)। উয়েফা ইউরো কাপ থেকে শুরু করে নেশনস লিগ— পর্তুগিজ ফুটবলের প্রতিটি সোনালী অধ্যায়ের কাণ্ডারী ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সেই কিংবদন্তির জাতীয় দলের সফর কি তবে এই তিক্ততার মধ্য দিয়েই শেষ হতে চলেছে? উয়েফা নেশনস লিগের ম্যাচ চলাকালীন কোচ হোর্হে জেসাসের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে গেছেন সিআর সেভেন।
ওয়ার্ম-আপের অপমান (Cristiano Ronaldo)
ঘটনার সূত্রপাত নেশনস লিগের শেষ ম্যাচে নরওয়ের বিরুদ্ধে। ম্যাচটিতে পর্তুগালের হয়ে মাঠে নামানো হয়নি রোনাল্ডোকে। এমনকি প্রায় ২০ থেকে ৩০ মিনিট ধরে সাইডলাইনে ওয়ার্ম-আপ করানোর পরও তাঁকে শেষ পর্যন্ত বেঞ্চেই বসিয়ে রাখা হয়। পরবর্তী ডেনমার্ক ম্যাচের আগেও একই রকম সংকেত মেলেন কোচ হোর্হে জেসাসের থেকে, যেখানে রোনাল্ডোকে মূল একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোচের কড়া বার্তা (Cristiano Ronaldo)
সংবাদ সম্মেলনে রোনাল্ডোকে কেন একাদশে রাখা হচ্ছে না, তা নিয়ে প্রশ্নের জবাবে সুর বেশ চড়া রাখেন পর্তুগাল কোচ হোর্হে জেসাস। তিনি সাফ জানিয়ে দেন, দলের লক্ষ্য একক কোনো ফুটবলার নয়, বরং পুরো নেশনস লিগ জয়। জেসাস বলেন, “২০-৩০ মিনিট ওয়ার্ম-আপ করার পর খেলার সুযোগ না পেলে যে কারোরই রাগ হওয়া স্বাভাবিক— সে রোনাল্ডো হোক, পেলে হোক কিংবা মারাদোনা। বড় খেলোয়াড় হিসেবে তিনি বিশেষ সম্মান পেতে পারেন, তবে বাড়তি সুবিধা পাবেন না। আমি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছি, এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমিই শেষ কথা।”
সিআর সেভেনের বার্তা
কোচের এমন মন্তব্য ও মনোভাবকে অসম্মানজনক হিসেবে দেখে পর্তুগাল ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনার পর তড়িঘড়ি শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন রোনাল্ডো। নিজের বিবৃতিতে তিনি স্পষ্ট জানান, তিনি কখনও দলের জন্য বোঝা হতে চাননি এবং আজও চান না। যে মুহূর্তে বুঝতে পেরেছেন যে দলে তাঁর প্রয়োজনীয়তা কমেছে, তিনি সম্মানের সাথে সরে দাঁড়িয়েছেন।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা (Cristiano Ronaldo)
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ইতিমধ্যেই কোপেনহেগেন থেকে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিজের পরিবারের সঙ্গে আলোচনা করবেন। তারপরই তিনি জানাবেন জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ কী হবে? শুধু তাই নয়, ক্লাব ফুটবলেও নিজের ভবিষ্যতের কথা জানাবেন রোনাল্ডো। ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৬টি গোল রয়েছে সিআর সেভেনের। জাতীয় দলে সিআর সেভেনের ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়াল।



