Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই ফের তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড়— দিটওয়া(Cyclone Ditwah)। বৃহস্পতিবার গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে জন্ম নেয় এই ঘূর্ণিঝড়। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে এর গতিপথ ও অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছে। আগামী কয়েক দিন পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেই পূর্বাভাস।
দিটওয়ার বর্তমান অবস্থান ও গতিপথ(Cyclone Ditwah)
মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া দিটওয়া ভারতীয় উপকূলের দিকে এগোচ্ছে ধারাবাহিক গতিতে। গত ছ’ঘণ্টায় এর গতি ছিল ঘণ্টায় প্রায় আট কিলোমিটার। বর্তমানে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার বাট্টিক্যালোয়া থেকে ৮ কিমি উত্তর–উত্তর-পশ্চিমে, পুদুচেরী থেকে ৪৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৫৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

আগামী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ুর উপকূলের কাছে পৌঁছোবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ নভেম্বর রবিবার উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে দিটওয়া(Cyclone Ditwah) আছড়ে পড়তে পারে।
দক্ষিণ ভারতে লাল সতর্কতা(Cyclone Ditwah)
ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারের বেশি হতে পারে। রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীও জারি করেছে সতর্কতামূলক নির্দেশ। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া আপাতত নিষিদ্ধ।

আরও পড়ুন: BLO Health: কাজের চাপ সামলাতে না পেরে আরও এক বিএলও অসুস্থ, যাদবপুরে হাসপাতালে আধিকারিক
বাংলায় বাড়ছে তাপমাত্রা
ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও তার পারিপার্শ্বিক প্রভাবে বাংলায় বাড়ছে রাতের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপরের চার দিন তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। শহরের আকাশও মূলত পরিষ্কার থাকছে।
আরও পড়ুন: West Bengal Police: ভোটার তালিকা সংশোধনের মাঝেই রাজ্যজুড়ে এত বড় পুলিশ রদবদল?
নামকরণ ইয়েমেনের
ঘূর্ণিঝড় দিটওয়ার নামকরণ করেছে ইয়েমেন। এর আগে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়া আছড়ে পড়েছিল ইন্দোনেশিয়ার উপকূলে। তবে দিটওয়া ভারতের উপকূলেই আঘাত হানবে বলে নিশ্চিত করেছে আবহাওয়া দফতর।


