Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজারহাটের বৈদিক ভিলেজে শনিবার সকালে মর্নিং ওয়াকের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিন্ন দেওয়ানী বিধি থেকে শুরু করে বেআইনি নির্মাণ, কলকাতা পুরসভার দুর্নীতি, শিল্প বিনিয়োগ, ২১ জুলাইয়ের কর্মসূচি এবং তারাতলা দুর্ঘটনা প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অভিন্ন দেওয়ানী বিধির পক্ষে সওয়াল (Dilip Ghosh)
অভিন্ন দেওয়ানী বিধি নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই আইন কার্যকর হয়েছে। তাঁর মতে, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনের সমতা নিশ্চিত করতে এই ধরনের আইন অত্যন্ত প্রয়োজনীয়। তিনি অভিযোগ করেন, দেশের জনসংখ্যার বিন্যাস পরিকল্পিতভাবে বদলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, সরকারি জমি, খাল-বিল ও জলাভূমি দখল করে “ল্যান্ড জিহাদ” চালানো হচ্ছে। এসব বেআইনি কার্যকলাপ বন্ধ করতে কঠোর আইন প্রয়োজন বলেই তিনি মত প্রকাশ করেন।
‘হিন্দু সমাজের রক্ষাকবচ দরকার’ (Dilip Ghosh)
অভিন্ন দেওয়ানী বিধি কি হিন্দু রাষ্ট্র গঠনের প্রথম ধাপ এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বর্তমানে হিন্দু সমাজ নিজেকে নিরাপত্তাহীন মনে করছে এবং তাদের জন্য একটি শক্তিশালী রক্ষাকবচ প্রয়োজন। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে প্রবেশ করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন এবং বহু জায়গায় জমি দখল করে বসবাস করছেন। তাঁর বক্তব্য, এই পরিস্থিতি আর চলতে দেওয়া উচিত নয় এবং দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

কলকাতা পুরসভায় দুর্নীতির অভিযোগে তোপ (Dilip Ghosh)
কলকাতা পুরসভায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, বহু জায়গায় এমন মানুষ কাউন্সিলরের ভূমিকায় ছিলেন, যাঁদের মদতেই দীর্ঘদিন ধরে লুঠপাট ও বেআইনি কাজকর্ম চলেছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারেননি, এমনকি পুলিশও সবকিছু জেনেও নীরব থেকেছে। তবে বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বেআইনি নির্মাণে নজরদারির উদ্যোগকে স্বাগত
কলকাতা পুরসভার ১১ সদস্যের বিশেষ নজরদারি দল গঠনের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যেই একই ধরনের অভিযান চালানো উচিত। তিনি অভিযোগ করেন, নিউ টাউনের মতো এলাকায় একই জমি একাধিকবার বিক্রির ঘটনা ঘটেছে। তাই প্রতিটি জেলায় বেআইনি নির্মাণ, জমি জালিয়াতি ও দখলদারির বিরুদ্ধে কড়া নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
শিল্প বিনিয়োগ নিয়ে আশাবাদী মন্ত্রী (Dilip Ghosh)
রাজ্যে পিয়ারলেসের উদ্যোগে ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, অতীতে পশ্চিমবঙ্গে শিল্পের অনুকূল পরিবেশ ছিল। পরে রাজনৈতিক আন্দোলনের কারণে সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তাঁর দাবি, বর্তমানে পরিস্থিতি বদলেছে এবং বিনিয়োগকারীরা আবার পশ্চিমবঙ্গে আগ্রহ দেখাচ্ছেন। খুব শীঘ্রই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে এবং পুজোর মধ্যেই প্রস্তুতির কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। চলতি বছরেই রাজ্যে উল্লেখযোগ্য শিল্প বিনিয়োগ আসবে বলেও আশা প্রকাশ করেন।
২১ জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে একই ধরনের রাজনৈতিক কর্মসূচি করে আসছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। তাই এখন আন্দোলনের পথেই থাকতে হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।

ববি হাকিমের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া (Dilip Ghosh)
মুখ্যমন্ত্রীর প্রশংসায় ববি হাকিমের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন, তাতে প্রশংসা পাওয়াটা স্বাভাবিক। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন প্রশংসা থাকবে, তেমনই সমালোচনাও থাকবে। উভয়কেই ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
তারাতলা দুর্ঘটনায় বড়সড় তদন্তের ইঙ্গিত
তারাতলা দুর্ঘটনার তদন্তে ববি হাকিম ও শামস ইকবালের নাম উঠে আসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এত বড় ধরনের গাফিলতির দায় কোনও এক ব্যক্তির ওপর চাপানো যায় না। তাঁর মতে, তদন্তে যাঁদের ভূমিকা থাকবে, তাঁদের সকলের নামই সামনে আসবে এবং দায় নির্ধারণ হবে তদন্তের ভিত্তিতেই। প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা।



