Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনী অভিযানে প্রায় ১৪ লক্ষ ফর্মকে Uncollectable হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে অনুপস্থিত বা নিরুদ্দেশ, ভুয়ো ভোটার, মৃত বা স্থানান্তরিত হওয়ার কারণে এই ফর্মগুলি বাতিলের তালিকায় উঠেছে(EC SIR)।
তালিকা ঝাড়াই বাছাইয়ে লতর্ক BLO-রা (EC SIR)
রাজ্যের ভোটার তালিকা পরিশোধনের এই ব্যাপক উদ্যোগে বর্তমানে ৮০,৬০০-র বেশি বুথ লেভেল অফিসার মাঠে নেমে যাচাই বাছাই করছেন। তাঁদের মাধ্যমে প্রতিটি ফর্মের তথ্য যাচাই করা হচ্ছে এলাকায় গিয়ে। সংশ্লিষ্ট মহলের দাবি এই উদ্যোগের ফলে ভোটার তালিকার নির্ভুলতা যেমন বৃদ্ধি পাবে, তেমনই ভুয়ো বা অপ্রাসঙ্গিক নাম বাদ পড়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।
এনুমারেশন ফর্ম নিয়ে একাধিক অভিযোগ (EC SIR)
এদিকে এনুমারেশন ফর্ম নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। এনুমারেশন ফর্মে সেই সংক্রান্ত যাবতীয় তথ্যও লিখেছেন ভোটার। অথচ তাঁর ফর্ম জমা পড়ছে না। শুধু তাই নয় ২০০২ সালের তথ্য লিখে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার সময় বিএলও দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তির ফর্ম ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। এমন ভুরিভুরি অভিযোগ আসছে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে। ফলে এসআইআর নিয়ে তৈরি হয়েছে নয়া বিভ্রান্তি। উদ্বেগ বাড়ছে ভোটারদেরও। জানা যাচ্ছে, ম্যাপিংয়ের বর্তমান ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের তথ্য যাচাই প্রক্রিয়ায় গণ্ডগোলের জেরেই এমন ভোগান্তি।
বিপত্তি BLO অ্যাপে (EC SIR)
কমিশন সূত্রে খবর শেষ এসআইআর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকার ম্যাপিং করে বা মিলিয়ে দেখে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে বিএলও অ্যাপে। আর এখানেই হয়েছে বিপত্তি। সঠিকভাবে সেই তথ্য অ্যাপে না তোলার ফলে হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা। রাজ্যের একাধিক জায়গায় এমন ঘটনা ঘটছে।
তথ্য আপলোডেই সমস্যা (EC SIR)
বহু ভোটারের নাম ২০০২ সালের তালিকায় ছিল। এবং সেই তালিকা অনুযায়ী ভোটাররা এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছিলেন। কিন্তু বিএলও রা সেই তথ্য আপলোডের সময় অ্যাপে নট ফাউন্ড বলে দেখাচ্ছে। অর্থাৎ তালিকা অনুযায়ী নিজের বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা সঠিকভাবে লিখে থাকলেও অ্যাপে তা মিলছে না। সূত্রের খবর ম্যাপিংয়ের তথ্য অ্যাপে আপলোডের সময় ওই ব্যক্তির ক্রমিক নম্বরে ভুল করে অন্য কোনও ব্যক্তিকে জুড়ে দেওয়া হয়েছে। এর জেরেই এত বড়ো বিপত্তি। রাজ্যের সর্বত্র এমন ঘটনা ঘটছে।
মিলছে না সমাধানসূত্র (EC SIR)
গোটা বিষয়টি ইআরওদের জানানো হলেও সমাধানসূত্র মিলছে না । আপাতত এই ধরনের ফর্মগুলি বিএলওদের কাছে রেখে দিতে বলা হচ্ছে। ৪ ডিসেম্বরের পর এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কী সেই সিদ্ধান্ত? আতঙ্ক বাড়ছে ভুক্তভোগী ভোটারদের মধ্যে।



