Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের উচ্চমাধ্যমিক (HS 2025 Result) পরীক্ষার ফলাফল প্রকাশের দিন প্রায় ঠিক হয়ে গেল। সম্ভবত ৩১ অক্টোবর বা তার আশপাশের কোনও দিনেই প্রকাশিত হবে রেজাল্ট। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও কিছুটা আগেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে সেটা খুবই কম বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “খুব তাড়াতাড়ি ফল প্রকাশ হবে।”
মূল্যায়নের কাজ এখন পুরোদমে চলছে (HS 2025 Result)
তিনি জানান, এবারের পরীক্ষায় প্রায় ৩৮ থেকে ৩৯ লক্ষ OMR শিট জমা (HS 2025 Result) পড়েছে। তার মূল্যায়নের কাজ এখন পুরোদমে চলছে। কেন্দ্রীয়ভাবে কলকাতাতেই এই কাজ সম্পন্ন করা হচ্ছে। সব দিক সামলে ফলাফল প্রকাশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এছাড়াও সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন সংসদের কর্তারা। সেখানে মূলত আলোচনা হবে কীভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্বিক প্রক্রিয়াকে আরও উন্নত করা যায়, কোথায় কোথায় পরিবর্তন প্রয়োজন, এবং আগামী পরীক্ষাগুলিকে কীভাবে আরও সুশৃঙ্খল করা সম্ভব। চিরঞ্জীববাবু বলেন, “আমাদের কিছু জায়গায় ছোটখাটো পরিবর্তন আনতেই হবে, সেটা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS 2025 Result)
এবছর প্রথমবারের জন্য নতুন পদ্ধতিতে, অর্থাৎ সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক (HS 2025 Result) পরীক্ষা নেওয়া হয়েছে। সংসদের দাবি, এই পদ্ধতিতে পরীক্ষার চাপ তুলনামূলকভাবে কম, ফলে পরীক্ষার্থী অনুপস্থিতির হারও অনেকটা হ্রাস পেয়েছে। পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৬,৬০,৩৪৩ জন। তার মধ্যে ২,৯০,৪০৭ জন ছাত্র এবং ৩,৬৯,৯৩৫ জন ছাত্রী। প্রায় ৯৮.৪২ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। শুধু ১০,৪৩৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা বাতিল
এবার চালু করা হয়েছিল ‘অনলাইন এটেনডেন্স সিস্টেম’। এর ফলে পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা অনেকটাই বেড়েছে বলে মনে করছে সংসদ। পাশাপাশি, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত কড়া নজরদারির কারণে অসদুপায় প্রয়োগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু দু’জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে। একজন জগৎবল্লভপুর হাইস্কুলের ছাত্রী, অন্যজন নদিয়ার এক ছাত্র। দু’জনেরই পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও, সন্তোষপুর হাইস্কুলের এক ছাত্রী দুর্ব্যবহারের কারণে পরীক্ষার অধিকার হারিয়েছে।
আরও পড়ুন: Pakistan Air Force: জঙ্গি খতম নয়, প্রাণ গেল সাধারণের! পাকিস্তানে ফের সেনা অভিযানে বিভীষিকা
বায়োলজির বিতর্কিত প্রশ্ন নিয়ে সংসদ জানিয়েছে, কেউ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে নম্বর প্রদান করা হবে। সব মিলিয়ে এবার প্রশ্নপত্র, পরিবেশ ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় তেমন কোনও বড় সমস্যা হয়নি। সংসদের তরফে দাবি, পরীক্ষার্থীরা ওএমআর শিট যথেষ্ট ভালোভাবেই পূরণ করেছে।


