Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ফুটবলের মহাষ্টমী হতে চলেছে তিলোত্তমায় (IFA Shield Final)। আইএফএ শিল্ডের খেতাব দখলের লড়াইতে নামছে দুই প্রধান— ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মেগা ফাইনাল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বাঙালির ফুটবলের পারদ। মঙ্গলবার ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো চলতি বছরের শিল্ড ফাইনালের চূড়ান্ত সূচি ও টিকিট সংক্রান্ত সমস্ত নির্দেশিকা।
বৃহস্পতিবারই মুখোমুখি দুই প্রধান (IFA Shield Final)
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬:১৫ মিনিট থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। আইএফএ সূত্রের খবর, আইএসএল এবং আন্তর্জাতিক ম্যাচের ঠাসা সূচির কথা মাথায় রেখেই বৃহস্পতিবার ফাইনাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। তার ঠিক দু’দিন আগে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর ইস্টবেঙ্গলের ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছে। সব দিক বিবেচনা করেই বৃহস্পতিবারের দিনটিকে শিল্ড ফাইনালের জন্য বেছে নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।
ভেন্যু জটিলতার অবসান (IFA Shield Final)
ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে বেশ কিছু জল্পনা তৈরি হয়েছিল। আগামী ৮ অক্টোবর কলকাতায় ভারত ও রাশিয়ার মহিলা ফুটবল দলের মধ্যে প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি হওয়ার কথা রয়েছে। শুরুতে এই ম্যাচটি কিশোরভারতী স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও, পরে তা যুবভারতীতে স্থানান্তরিত করার একটা চিন্তাভাবনা চলছিল। সে ক্ষেত্রে শিল্ড ডার্বি আয়োজনে সমস্যা দেখা দিতে পারতো। তবে সমস্ত জটিলতা কাটিয়ে কিশোরভারতী স্টেডিয়ামেই অনূর্ধ্ব নারী ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। ফলে ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গনেই আয়োজিত হচ্ছে এই মরশুমের প্রথম শিল্ড ডার্বি। স্টেডিয়াম জুড়ে ইতিমধ্যেই ফাইনালের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অনলাইনেই মিলবে টিকিট (IFA Shield Final)
গ্যালারি ভরিয়ে যাতে সমস্ত স্তরের ফুটবলপ্রেমী মাঠের আনন্দ উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে টিকিটের দামে বিশেষ স্বস্তি রেখেছে আইএফএ (IFA Shield Final)। সংস্থা সূত্রের খবর, সর্বনিম্ন টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়া সাধারণ ও প্রিমিয়াম দর্শকদের কথা ভেবে ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৬৫০ টাকা এবং সর্বোচ্চ ১২৫০ টাকার টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। তবে দর্শকদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে— মাঠের অফলাইন কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না। সম্পূর্ণ টিকিট বিক্রি হবে ‘ডিস্ট্রিক্ট’ অ্যাপের মাধ্যমে অনলাইনে। সব ঠিক থাকলে বুধবার সকাল থেকেই ফুটবলপ্রেমীরা অ্যাপের মাধ্যমে ফাইনালের টিকিট কাটতে পারবেন।
আরও পড়ুন: Khalid Jamil: ব্রাজিল-উরুগুয়ের কাছে হারের দায় নিজের কাঁধে তুলে নিলেন খালিদ জামিল
আইএফএ সচিবের প্রতিক্রিয়া (IFA Shield Final)
অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, “আমাদের মূল লক্ষ্য হলো সর্বস্তরের ফুটবলপ্রেমীদের মাঠে এসে ডার্বি দেখার সুযোগ করে দেওয়া। সেই সাধারণ সমর্থকদের কথা মাথায় রেখেই টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা। ফুটবলপ্রেমীদের সুবিধার জন্য সমস্ত টিকিট অনলাইনেই পাওয়া যাবে। যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে, তাদের টিম দ্রুত কাজ করছে। টিকিট পার্টনারদের তরফে প্রস্তুতি শেষ হলেই বুধবার থেকে অ্যাপে টিকিট বুক করা যাবে।”



