Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জাড্ডুর জাদুতে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। ৯৩ রানে ৭ উইকেটে ফেলে দিনের শেষে চালকের আসনে ভারত (Ind vs SA)।
৭ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)
ইডেনের উইকেট সত্যিই ভেল্কি দেখাচ্ছে। তার জেরেই প্রতি ঘণ্টায় বদলে যাচ্ছে ম্যাচের চিত্র। ১৮৯ রানে প্রথম ইনিংস শেষ করে মাত্র ৩০ রান লিড নিয়ে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু দিনের শেষে জাদেজার জাদুতে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়লেন পন্থরা। শেষবেলায় নিজেদের দিকে ম্যাচ টেনে দ্বিতীয় দিনের শেষেও চালকের আসনে ভারত (Ind vs SA)।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। শনিবার সকাল থেকেই হারমার-মহারাজরা যেভাবে বল ঘোরাচ্ছিলেন তাতেই আন্দাজ করা গিয়েছিল শেষের দিকে ব্যাটারদের উইকেটে টিকে থাকাটা এভারেস্ট সমান চ্যালেঞ্জ। আর সেটাই হল। গতকাল বুমরা-কুলদীপ আর শনিবার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করলেন জাজেজা-কুলদীপ-অক্ষর প্যাটেল। এই স্পিন ত্রিফলায় দিনের শেষে ৩৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান তুলল প্রোটিয়ারা। লিড মাত্র ৬৩ রানে। রবিবার সকালে বাকি ৩ উইকেট দ্রুত তুলে নিলেই কেল্লাফতে ভারতের।
ইনিংসের সপ্তম ওভারেই ১৮ রানের মাথায় ওপেনার রেয়ন রিকেলটনকে (১১) ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন কুলদীপ। এরপর জাদেজার ঘূর্ণি দক্ষিণ আফ্রিকাকে শেষ করে দেয়। অপর ওপেনার এইডেন মার্করাম (৪), মুলডার (১১), টনি ডি জর্জি (২) ট্রিস্টান স্টাবসকে (৫) দ্রুত ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কোমরটাই ভেঙে দেন জাদেজা। ৬০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে। এরপর ভেরেন (৯) ও জনসনকে (১৩) ফিরিয়ে দেন অক্ষর ও কুলদীপ। ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে উল্টে চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতকে দ্রুত আউট করার সুবিধাটাই তুলতে পারল না প্রোটিয়া ব্যাটাররা। ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে জয়ের অনেকটাই কাছে ভারত। রবিবার লাঞ্চের আগেই ম্যাচের ফয়সলা হয়ে যাবে (Ind vs SA)।
তবে সব কিছুকেই ছাপিয়ে গেল ইডেনের উইকেট। প্রথম দু’দিনে ছয় সেশন মিলিয়ে খেলা হয়েছে ১৫২ ওভার। রান উঠল ৩৪১ রান। আর উইকেট পড়ল ২৬ উইকেট। এখনও পর্যন্ত তিন ইনিংসে কোনও ব্যাটসম্যান ৪০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ম্যাচের যা গতিপ্রকৃতি তাতে আড়াই দিনেরও কম সময়ে খেলা শেষ হয়ে যাবে। ৬ বছর আগে বাংলাদেশের বিরুদ্ধেও ইডেনে শেষ টেস্টও শেষ হয়েছিল আড়াই দিনে (Ind vs SA)।
সেইসঙ্গে, সাই সুদর্শনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে রাখার ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তও প্রশ্নের মুখে পড়ল। প্রথম ইনিংসে মাত্র এক ওভার বল করেছিলেন সুন্দর। ব্যাট হাতে তিন নম্বরে নেমেও ব্যর্থ। করলেন মাত্র ২৯ রান। আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও এখনও পর্যন্ত তাঁকে দিয়ে এক ওভারও বল করানো হল না। তাহলে কোন যুক্তিতে সাইকে বসানো হল? উত্তর একমাত্র গম্ভীরই জানেন (Ind vs SA)।
আরও পড়ুন: Andre Russell: কলকাতার হয়ে আর দেখা যাবে না রাসেল-মাসল ঝড়
গিলের চোট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। খেলা শেষে স্ট্রেচারে শুইয়ে মাঠ থেকে অ্যাম্বুলেন্স তুলে গিলকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ভারতীয় শিবিরে চিন্তা বাড়ালো অধিনায়ক গিলের চোট। মাত্র ৩ বল খেলে ৪ রান করে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন গিল। তারপর আর মাঠেই নামতে পারেননি। খেলা শেষে বিকেল পাঁচটা নাগাদ স্ট্রেচারে শুইয়ে মাঠের ভিতর থেকে অ্যাম্বুলেন্সে করে গিলকে নিয়ে যাওয়া হল হাসপাতালে।

ভারতীয় দলের পক্ষ থেকেও গিলের চোট নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। খেলা শেষে সাংবাদিক সম্মেলনেও এই নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন বোলিং কোচ মর্নি মর্কেলও। চোট কতটা গুরুতর, তা নিয়ে মুখ খুলতে চাইলেন না তিনিও। তবে রবিবারও গিল যে মাঠে নামতে পারবে না, তা একপ্রকার নিশ্চিত। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হল (Ind vs SA)।


