Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় অস্থিরতার জেরে ভারতের পণ্য বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। টানা দ্বিতীয় মাসে ওই অঞ্চলের সঙ্গে ভারতের আমদানি ও রফতানি উল্লেখযোগ্যভাবে কমেছে। মূল কারণ হিসেবে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতের প্রভাবে সমুদ্রপথে পণ্য পরিবহণে বাধা(India Export)।
রফতানি কমেছে ভারতের (India Export)
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, এপ্রিল মাসে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ভারতের রফতানি বছরে প্রায় ২৮ শতাংশ কমে ৪.১৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫.৭৮ বিলিয়ন ডলার।
আমদানিও তীব্রভাবে কমেছে
অন্যদিকে, ওই অঞ্চল থেকে ভারতের আমদানিও তীব্রভাবে কমেছে। এপ্রিল মাসে আমদানি ৩১.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৪৭ বিলিয়ন ডলারে, যেখানে এক বছর আগে তা ছিল ১৫.৩২ বিলিয়ন ডলার।
আমিরশাহীর সঙ্গে বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতি
সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সঙ্গে বাণিজ্য। এপ্রিল মাসে সেখানে ভারতের রফতানি ৩৬.৩৯ শতাংশ কমে ২.১৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সৌদি আরবে রফতানিও কমেছে প্রায় ৩ শতাংশ।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সমস্যা
বিশেষজ্ঞদের মতে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়েছে। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথ পশ্চিম এশিয়ায় ভারতের বাণিজ্যের অন্যতম প্রধান রুট।
রফতানিতে বড় ক্ষতি (India Export)
ভারত সাধারণত প্রতি মাসে প্রায় ৬ বিলিয়ন ডলারের পণ্য পশ্চিম এশিয়ায় রফতানি করে। কিন্তু বর্তমানে রত্ন ও গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রনিক সামগ্রী, পেট্রোলিয়াম পণ্য এবং চালের রফতানিতে বড় পতন দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Jail Phone: জেলেই অপরাধের নেটওয়ার্ক, কী দাওয়াই মুখ্যমন্ত্রীর?
কাঁচামালের দামও বাড়ছে (India Export)
এছাড়া পশ্চিম এশিয়া থেকে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় ইস্পাত, প্লাস্টিক ও রাবারের মত কাঁচামালের দামও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার রফতানিকারকদের জন্য একাধিক সহায়তামূলক পদক্ষেপ নিয়েছে।



