Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান গেমসে মঙ্গলবার ভারতের ঝুলিতে ফের সাফল্য (Asian Games 2026)। শুটার নীরু ধান্ধার ব্যক্তিগত সোনা জয় থেকে শুরু করে রিংয়ে ভারতীয় বক্সারদের দুরন্ত পারফরম্যান্স এশিয়ান গেমসের ১০ম দিনে ভারতের পদক তালিকায় আরও সংখ্যা বাড়াল।
শুটিংয়ে সোনা (Asian Games 2026)
অতীতে বারবার সামান্য পয়েন্টের ব্যবধানে কিংবা শেষ মুহূর্তের ভুলে হাতছাড়া হয়েছে সোনা। কিন্তু মঙ্গলবার সেই স্মৃতি পিছনে ফেলে ট্র্যাপ শুটিংয়ে অবিচল মেজাজে সোনা জিতলেন নীরু ধান্ধা। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে নিখুঁত শট মারেন টার্গেটে। ব্যক্তিগত ফাইনালে চিনের শুটার সুন ইউনংকে ২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দেশকে এনে দেন পঞ্চম সোনার পদক। এর আগে সকালে দলগত ট্র্যাপ ইভেন্টে অসীমা অহলাওয়াত ও মনীষা কিরের সঙ্গে যৌথভাবে নেমে চিনের কাছে হেরে রুপো পান নীরু। ফলে একই দিনে জোড়া পদক নিজের ঝুলিতে ভরলেন এই ভারতীয় শুটার।
রিংয়ে ভারতীয়দের দাপট (Asian Games 2026)
বক্সিংয়ের রিঙেও ভারতের ঝুলিতে একাধিক পদকের সম্ভাবনা তৈরি হয়েছে। মহিলাদের ৬৫ কেজি বিভাগে নিজের লড়াই জিতে ফাইনালে পৌঁছেছেন পারভিন হুডা, যার ফলে তাঁর রুপো অন্তত নিশ্চিত। অন্যদিকে পুরুষদের ৮০ কেজি বিভাগে দুর্দান্ত কামব্যাক করেন অঙ্কুশ পাঙ্ঘাল। প্রথম রাউন্ডে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে ঘুরে দাঁড়ান তিনি। এরপর নির্ণায়ক রাউন্ডে প্রতিপক্ষ ফাজলিদ্দিন এরকিন বোয়েভকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখেন অঙ্কুশ।
আরও পড়ুন: Asian Games Cricket: বৃষ্টিতে ওলটপালট এশিয়াড! ম্যাচ না খেলেই শেষ চারে চার দল
পদকের হাফসেঞ্চুরি পেরোল ভারত (Asian Games 2026)
প্রতিযোগিতার দশম দিন শেষে অফিশিয়াল (Asian Games 2026) পদক তালিকায় ভারতের সংগ্রহে রয়েছে মোট ৪৭টি পদক (৫টি সোনা, ২১টি রুপো ও ২১টি ব্রোঞ্জ)। তবে বক্সিংয়ে ইতিমধ্যেই রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৬টি পদক সুনিশ্চিত হওয়ায় খাতায়-কলমে না হলেও ব্যবহারিকভাবে ভারত ইতিমধ্যেই ৫০টি পদকের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সামনে ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স এবং তিরন্দাজির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো বাকি রয়েছে। গতবারের ১০৬টি পদকের রেকর্ড এবার ভাঙা সম্ভব কি না, তা নির্ভর করবে বাকি ইভেন্টগুলোতে অ্যাথলিটদের শেষ মুহূর্তের পারফরম্যান্সের ওপর।



