Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করার মরণবাঁচন লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল (India vs Sri Lanka)। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেই আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন অধিনায়ক শুভমান গিল। শুধু তাই নয়, মাঠে নেমেও শ্রীলঙ্কা একাদশের মারমুখী ব্যাটিংয়ের সামনে রীতিমতো ব্যাকফুটে ভারতীয় বোলাররা।
গিলের চোট ও দলের সতর্কতা (India vs Sri Lanka)
বৃহস্পতিবার পূর্ণাঙ্গ অনুশীলনের সময় নেটে ব্যাটিং করার সময় গিলের বুড়ো আঙুলে সজোরে বল লাগে। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছু সময় ফের ব্যাট করলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে প্রস্তুতি ম্যাচে নামায়নি টিম ম্যানেজমেন্ট। এর আগে ঘাড়ের চোরে জর্জরিত ছিলেন তরুণ অধিনায়ক। ফলে নতুন করে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রস্তুতি ম্যাচে গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক কে এল রাহুল। ১৫ আগস্ট গলে শুরু হতে চলা প্রথম টেস্টে গিল খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
বেহাল দশা ভারতীয় বোলিংয়ের (India vs Sri Lanka)
নেটের বাইরে মূল মাঠেও স্বস্তিতে নেই ভারত। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে টসে হেরে প্রথমে বোলিং করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়েন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণরা। লঙ্কার দুই ওপেনার রাবিন্দু রসান্থা এবং নিশান মধুশকা প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক মেজাজ নেন। সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। স্পিনাররা আক্রমণে এলেও রানের গতি থামানো যায়নি। এমনকি দীর্ঘ সময় পর কামব্যাক করা রবীন্দ্র জাদেজাও শ্রীলঙ্কার ব্যাটারদের দাপট আটকাতে ব্যর্থ হন। সহজেই অর্ধশতরানের জুটি গড়ে ফেলেন লঙ্কা ওপেনাররা।
আরও পড়ুন: Ajinkya Rahane: অবসর নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু অজিঙ্ক রাহানের
কঠিন পরীক্ষার মুখে ভারত (India vs Sri Lanka)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে শ্রীলঙ্কা সফর (India vs Sri Lanka) অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর এই সিরিজে নামছে ভারত। সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা দল কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেও, এই পরিস্থিতিতে গিলদের সামনে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। ১৫ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩ আগস্ট কলম্বোয় দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলকে দ্রুত নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে হবে।



