Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ইতিহাসের সঙ্গে ভারতীয় রেলের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে (Indian Railways)। বাষ্পচালিত ইঞ্জিনের হাত ধরে যে যাত্রার সূচনা, সময়ের সঙ্গে তা পৌঁছে গিয়েছে আধুনিক দ্রুতগতির ট্রেনের যুগে। রেল যোগাযোগের বিবর্তন, পুরনো দিনের যাত্রাপথ, ঐতিহাসিক নিদর্শন ও নানা অজানা তথ্য এবার এক ছাদের তলায় তুলে ধরল পূর্ব রেল। কলকাতার ঐতিহাসিক প্রিন্সেপ ঘাট স্টেশন হয়ে উঠেছে রেলের ইতিহাস চর্চার নতুন ঠিকানা। বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশেষ প্রদর্শনী ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’।
বিশ্ব ঐতিহ্য সপ্তাহে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের (Indian Railways)
২২ নভেম্বর এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা, হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর-সহ পূর্ব রেলের একাধিক শীর্ষ আধিকারিক। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব সাক্সেনা। ২৩ নভেম্বর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রদর্শনীর দরজা।
বাষ্পচালিত ইঞ্জিন থেকে আধুনিক রেল, ইতিহাসের নানা অধ্যায় (Indian Railways)
প্রদর্শনীতে স্থান পেয়েছে ভারতীয় রেলের ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাষ্পচালিত ইঞ্জিনের যুগ থেকে আধুনিক দ্রুতগতির ট্রেন, রেলের প্রযুক্তিগত বিবর্তনের নানা পর্যায় তুলে ধরা হয়েছে ছবি, ঐতিহাসিক নথি ও তথ্যের মাধ্যমে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে রেল যোগাযোগের বিকাশকে। কীভাবে কলকাতার দক্ষিণাঞ্চলে রেল পরিষেবার সূচনা হয়েছিল, কীভাবে ধীরে ধীরে বিস্তৃত হয়েছিল রেলপথ, তার নানা তথ্য দর্শকদের সামনে তুলে ধরছে এই প্রদর্শনী।
কলকাতার রেল ইতিহাসের টাইম টেবিল (Indian Railways)
প্রদর্শনীতে উঠে এসেছে রেলের ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ সময়কাল। ১৮৫৬ সালে ইংল্যান্ডে প্রাথমিকভাবে নথিভুক্ত হওয়ার পর, ১৮৫৭ সালে কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত ক্যালকাটা অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ের উদ্যোগে ১৮৫৯ সালে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। ১৮৬২ সালের ২ জানুয়ারি বালিয়াঘাটা টার্মিনাল থেকে চম্পাহাটী পর্যন্ত প্রথম বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। পরবর্তী সময়ে ১৮৬৩ সালের ১৫ মে পোর্ট ক্যানিং পর্যন্ত রেলপথ চালু হয়। আজকের শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে পরিচিত রেল পরিষেবার আগেই কলকাতার দক্ষিণমুখী রেল যোগাযোগের সূচনা হয়েছিল—সেই ইতিহাসও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
হাওড়ার ঐতিহাসিক বড় ঘড়িও প্রদর্শনীর আকর্ষণ (Indian Railways)
শুধু শিয়ালদহ ডিভিশনের ইতিহাস নয়, হাওড়া ডিভিশনের ঐতিহ্যও বিশেষ গুরুত্ব পেয়েছে প্রদর্শনীতে। অন্যতম আকর্ষণ হাওড়া স্টেশনের ঐতিহাসিক বড় ঘড়ি। পুরনো দিনের রেল যোগাযোগের ছবি, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং রেলের স্মৃতি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে অতীতের দিনগুলিতে।
আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
রেলের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্য সংরক্ষণের আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। প্রিন্সেপ ঘাটের ঐতিহাসিক পরিবেশে দাঁড়িয়ে রেলের অতীত, বর্তমান ও বিবর্তনের গল্প জানতে পারবেন দর্শনার্থীরা। ইতিহাসের পাতায় থাকা রেলযাত্রার স্মৃতিকে বাস্তবের অভিজ্ঞতায় পরিণত করার এক বিশেষ উদ্যোগ হয়ে উঠেছে এই প্রদর্শনী।



