Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত–নেপাল সীমান্তবর্তী নেপালের পার্সা জেলার বীরগঞ্জ শহরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে(Indo Nepal)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। দাবি করা হয়েছে ভিডিওটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত মন্তব্য ছিল, যার জেরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এলাকায় হাই অ্যালার্ট এবং কারফিউ জারি করা হয়েছে।
উত্তেজনায় কারফিউ জারি (Indo Nepal)
বিহারের সীমান্ত লাগোয়া বীরগঞ্জে সোমবার বিকেল থেকে উত্তেজনা বাড়তে থাকে। নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও বিরোধী দুটি গোষ্ঠী একসঙ্গে প্রতিবাদে নামে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং প্রশাসন সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করে। পরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় কারফিউয়ের সময় বাড়ানো হয়।
ভিডিও পোস্টে আটক ২ (Indo Nepal)
ধানুশা জেলার কামালা পৌরসভার বাসিন্দা হায়দার আনসারি ও আমানত আনসারি নামে দুই যুবক একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন বলে অভিযোগ। ওই ভিডিওকে ঘিরেই ধানুশা ও পার্শ্ববর্তী পার্সা জেলায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পরে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর পর কামালার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
প্রতিবাদ হিংসাত্মক রূপ নেয় (Indo Nepal)
বিক্ষোভ চলাকালীন হিন্দু সংগঠনগুলির অভিযোগ, তাদের দেবদেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ধীরে ধীরে প্রতিবাদ হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং একটি স্থানীয় থানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
ভারত–নেপাল সীমান্ত সিল (Indo Nepal)
উত্তেজনার জেরে ভারত–নেপাল সীমান্তও সিল করে দেওয়া হয়েছে। সশস্ত্র সীমা বল (SSB) সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে। মৈত্রী সেতুতে বাড়ানো হয়েছে নিরাপত্তা তল্লাশি, মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। পাশাপাশি সাহাদেওয়া, মহাদেওয়া, পান্তোকা, সিওয়ান টোলা ও মুশারওয়া এলাকাতেও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।



