Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টানা বর্ষণের জেরে পাহাড়ে ধসের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে (Kalimpong)। গতকাল সেবক কালীমন্দির সংলগ্ন এলাকায় বড়সড় ধস নামায় বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক হলেও আজ আবার জরুরি মেরামতির স্বার্থে ওই রাস্তা দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবক কালীমন্দির সংলগ্ন ধসপ্রবণ এলাকায় আজ জরুরি ভিত্তিতে মেরামতির কাজ চলবে। সেই কারণে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শিলিগুড়িতে আসার পরামর্শ (Kalimpong)
শিলিগুড়ির দিকে আসা সমস্ত যানবাহনকে করোনেশন ব্রিজ থেকে গজলডোবা হয়ে শিলিগুড়ির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে করোনেশন ব্রিজে অতিরিক্ত যানজট এড়াতে সিকিম ও কালিম্পং থেকে রংপো হয়ে শিলিগুড়িমুখী যানবাহনকে মংসং–লাভা–গরুবাথান–ওদলাবাড়ি–গজলডোবা হয়ে শিলিগুড়িতে আসার পরামর্শ দিয়েছে প্রশাসন।
দীর্ঘক্ষণ ধরে আটক (Kalimpong)
গতকাল ধসের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘক্ষণ ধরে আটকে ছিল শতাধিক ছোট ও বড় যানবাহন। যদিও কিছু সময়ের জন্য যান চলাচল চালু করা হয়েছিল, তবে পাহাড় থেকে পাথর ও মাটি গড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় আজ ফের নিরাপত্তার স্বার্থে রাস্তা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের বিভিন্ন এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পাশাপাশি যাত্রার আগে রাস্তার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার আবেদন জানানো হয়েছে। সেবক-কালীমন্দির সংলগ্ন ধস, জরুরি মেরামতের জন্য সিকিম ও কালিম্পংগামী যানবাহনের জন্য বিকল্প রুটের নির্দেশ।



