Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে গত কয়েক বছরে বই কেনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে (Library Scam)। বিজেপি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছিল যে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সরকারি অর্থে বিপুল পরিমাণ বই কেনা হলেও তার বড় অংশই পাঠকদের কোনও বাস্তব উপকারে আসেনি। অভিযোগ, সরকারি নির্দেশের ভিত্তিতে নির্দিষ্ট কিছু লেখক ও ব্যক্তির বই জোরপূর্বক বিভিন্ন সরকারি গ্রন্থাগারে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার ফলে সরকারি অর্থের অপচয় হয়েছে।

বিজেপির দীর্ঘদিনের অভিযোগ (Library Scam)
বিজেপির দাবি, তৃণমূল সরকারের আমলে কোটি কোটি টাকার বই কেনা হলেও সেই বইগুলির অধিকাংশই পাঠকদের মধ্যে জনপ্রিয় নয় এবং গ্রন্থাগারে কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশে নির্দিষ্ট কিছু বই কেনা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রীসহ তৃণমূল-ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন লেখক ও বুদ্ধিজীবীর বই বিপুল সংখ্যায় সংগ্রহ করা হয়। বই নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। পাঠকের চাহিদার পরিবর্তে রাজনৈতিক প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছিল। বিজেপির আরও অভিযোগ, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে তৎকালীন সিলেবাস কমিটির কিছু সদস্য এবং বইমেলা কমিটির সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিরও ভূমিকা থাকতে পারে।
মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি (Library Scam)
সূত্রের খবর অনুযায়ী, বর্তমান গ্রন্থাগার মন্ত্রী বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। এরপর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দেন বলে জানা যাচ্ছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারের তরফে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে বলেও সূত্রের দাবি।
তদন্ত করবে বিচারপতি নেতৃত্বাধীন কমিটি (Library Scam)
সূত্রের খবর, তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকেই এই বিষয়টির তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে। জানা গেছে, তদন্তে কমিটির সঙ্গে থাকবেন পুলিশ আধিকারিক কে. জয়রামন। অভিযোগের সত্যতা যাচাই, বই কেনার নথি পরীক্ষা, ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সরকারি অর্থ ব্যয়ের যথার্থতা—সবকিছুই খতিয়ে দেখা হবে বলে সূত্রের দাবি।
গ্রন্থাগার দপ্তরের রিপোর্ট তদন্ত কমিটির হাতে (Library Scam)
বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত নথি ও রিপোর্ট তদন্ত কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। তদন্তে বিশেষভাবে খতিয়ে দেখা হতে পারে, কোন কোন বই কত সংখ্যায় কেনা হয়েছে। বই নির্বাচনের ক্ষেত্রে কী নীতি অনুসরণ করা হয়েছিল। বই কেনার জন্য কোন কমিটির সুপারিশ ছিল। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আর্থিক নিয়ম মানা হয়েছে কি না। বইগুলি বর্তমানে কতটা পাঠকের ব্যবহারে রয়েছে।
আরও পড়ুন: Taslima Nasrin: তসলিমার কলকাতায় ফেরা নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নেবে প্রশাসন
রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে
এই তদন্তকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি দাবি করছে, তদন্তের মাধ্যমে বহু বছরের আর্থিক অনিয়ম সামনে আসবে। অন্যদিকে, বিরোধী শিবিরের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে তৃণমূলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি গ্রন্থাগারের বই কেনার মতো বিষয়েও যদি অনিয়মের প্রমাণ সামনে আসে, তবে তা রাজ্যের সাংস্কৃতিক ও প্রশাসনিক পরিসরে বড় প্রভাব ফেলতে পারে।



