Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ! গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া (Manas Bhunia)। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন শাসক দল তৃণমূলের ছোট-মাঝারি এমনকি বড় নেতা, কাউন্সিলর, মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। প্রাক্তন সরকারের আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে চলছে পুলিশি এবং সিআইডি তদন্ত। সেই আশঙ্কায় তৃণমূলের তাবড় তাবড় নেতা, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীরা হাইকোর্টে ছুটছেন রক্ষাকবচের আবেদন করে। সেই তালিকায় এবার যুক্ত হল তৃণমূল সরকারের প্রাক্তন সেচমন্ত্রী তথা সবংয়ের সাতবারের বিধায়ক মানস ভূঁইয়ার নাম।

আর্থিক প্রতারণার অভিযোগ (Manas Bhunia)
সম্প্রতি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে সবং থানায় দায়ের হয়েছে এফআইআর (Manas Bhunia)। বিএনএস-এর ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ তাঁকে নোটিশও পাঠিয়েছে। তাই গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মানস ভূঁইয়া। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের এর অনুমতি দিয়েছেন বিচারপতি আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
বিকাশ কুমার টুং দাবি (Manas Bhunia)
সবংয়ের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিকাশ কুমার টুং দাবি করেন, তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে সেচ দপ্তরের বাংলোতে পাঁচ লক্ষ টাকার বিনিময় চাকরি দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, তৎকালীন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথ দে’র মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়। গত ১ মার্চ তেমাথানির সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। চাকরি পাওয়ার পর খাতায় সই করে মার্চ মাসের বেতন বাবদ প্রায় ১১ হাজার টাকা পান তিনি। কিন্তু গত ৬ মে কর্মস্থলে গেলে তাকে রেজিস্টার খাতায় সই করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁর চাকরি বাতিলের নির্দেশ হোয়াটসঅ্যাপে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই সামাজিকভাবে হেনস্থার শিকার হয়ে থানায় অভিযোগ জানাতে বাধ্য হন তিনি।

আরও পড়ুন : Naushad Siddiqui: মণিপুর থেকে চাকরি দুর্নীতি, একসঙ্গে একাধিক ইস্যুতে নওশাদের তোপ
মানস ভূঁইয়াকে নোটিশ
এই অভিযোগের ভিত্তিতেই সবং থানার পুলিশ মানস ভূঁইয়াকে নোটিশ পাঠায়। সেই নোটিশ পেয়েই মেদিনীপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন প্রাক্তন সেচমন্ত্রী। কিন্তু তাঁর সেই আবেদনের মামলার শুনানি কোনও কারণে স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সরকারের সেচমন্ত্রী মানস ভূঁইয়া।



