Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে যাঁর জাদুতে মুগ্ধ হয়েছে বিশ্ব, মাঠের বাইরে জীবনে যে আগলে রাখতেন সেই জাদুকরকে তঁকেই হারালেন লিওনেল মেসি (Messi Father death)। প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
মেসির জীবনের পথপ্রদর্শক (Messi Father death)
মেসির জীবনে হোর্হের ভূমিকা কেবল একজন বাবার মধ্যে সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন তাঁর ফুটবল-জীবনের প্রকৃত পথপ্রদর্শক। ছোটবেলায় রোজারিওর নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে লিওনেল যখন ফুটবলের প্রথম পাঠ নিচ্ছিলেন, তখনই ছেলের প্রতিভার গভীরতা অনুধাবন করেছিলেন হোর্হে। ছোটবেলায় মেসির শারীরিক বৃদ্ধিজনিত হরমোনের সমস্যার সময়ও সবসময় ছেলের পাশে ছিলেন তিনি। চিকিৎসার খরচ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেও ছেলের ফুটবল-স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তিনি অবিরাম লড়াই চালিয়ে যান।
আরও পড়ুন: Ashish Javelin: নীরজের দেখানো পথেই জ্যাভলিনের নতুন হিরো আশিস যাদব
মাত্র ১৩ বছর বয়সে সেই কিশোর লিওনেলকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং পরিবারের অন্য সদস্যদের রোজারিওতে রেখেই ছেলের ভবিষ্যতের টানে বিদেশের মাটিতে এক নতুন অধ্যায় শুরু করেছিলেন হোর্হে।
রূপকথার নেপথ্য কারিগর (Messi Father death)
বার্সেলোনার যুবদল থেকে বিশ্বফুটবলের সর্বোচ্চ মঞ্চে মেসির উত্থান—প্রতিটি পদক্ষেপে ছেলের পাশেই ছায়ার মতো ছিলেন হোর্হে। পেশাদার জীবনে দীর্ঘদিন ধরে ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মেসির মতো বিশ্বখ্যাত তারকার এজেন্ট হিসেবে আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে ক্লাববদল—সবকিছুই দক্ষ হাতে নিয়ন্ত্রণ করেছেন। বার্সেলোনা থেকে পিএসজি এবং পরবর্তীতে ইন্টার মায়ামি; মেসির কেরিয়ারের প্রতিটি বড় বড় সিদ্ধান্তের নেপথ্যেই ছিল তাঁর সুদৃঢ় উপস্থিতি।
প্রচারের আলো থেকে দূরে (Messi Father death)
পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করতেন হোর্হে (Messi Father death)। সংবাদমাধ্যমের সামনে তাঁকে খুব একটা দেখা যেত না। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্যালারিতে পরিবারের সঙ্গে বসে ছেলের খেলা উপভোগ করাটাই ছিল তাঁর পরিচিত ছবি। কিন্তু সময়ের নিয়মে সেই গ্যালারিতে আজ তাঁর আসনটি শূন্য।
আরও পড়ুন: Bhawanipur CFL: আর কবে? মোহনবাগানকে হারিয়ে প্রশ্ন রবি-সাহিলদের!
প্রচারবিমুখ এই মানুষটি বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকার উত্থানের গল্পে কখনও সামনে এসে নিজের কৃতিত্ব দাবি করেননি, পর্দার আড়ালেই থেকে গিয়েছেন। তাঁর এই বিদায়ে স্বাভাবিকভাবেই মেসি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।



