Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সুযোগ নষ্টের যেন প্রতিযোগিতা চলল গোটা ম্যাচজুড়ে (Mohun Bagan)। একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করলেন লিস্টন কোলাসো, মনবীর সিংরা। তবুও শেষরক্ষা হল মোহনবাগানের। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএলে টানা চতুর্থ জয় তুলে নিল সবুজ-মেরুন। দলের হয়ে জোড়া গোল দ্রাজিচের। অন্য গোলটি লি এরউইনের। এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থানও ধরে রাখল প্যানোসের দল।
প্রথমার্ধে সুযোগ নষ্টের মহোৎসব (Mohun Bagan)
ম্যাচের বয়স তখন মাত্র দু’মিনিট। একেবারে কাছ থেকে বল পেয়েও বারপোস্টে মারলেন লিস্টন কোলাসো। পরের মিনিটেই ফের একই ধরনের সুযোগ নষ্ট। সেখান থেকেই শুরু সুযোগ হাতছাড়ার পর্ব। কখনও বল পায়ে অতিরিক্ত কেরামতি দেখাতে গিয়ে আক্রমণ নষ্ট করলেন লিস্টন, কখনও একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গোলের সামনে বল বাইরে পাঠালেন মনবীর সিং। লি এরউইনও সতীর্থদের ভালো জায়গায় থাকা সত্ত্বেও নিজেই শট নিয়ে সুযোগ নষ্ট করলেন। ফলে প্রথমার্ধে অন্তত তিন গোলে এগিয়ে থাকার মতো সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারল না মোহনবাগান। গোলশূন্য অবস্থাতেই শেষ হল প্রথম ৪৫ মিনিট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্রাজিচের গোল (Mohun Bagan)
প্রথমার্ধের ব্যর্থতার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বস্তি ফেরালেন দ্রাজিচ। ৪৭ মিনিটে দুরন্ত ফিনিশে মোহনবাগানকে এগিয়ে দেন তিনি। চলতি মরশুমে সবুজ-মেরুনের যে ক’জন ফুটবলার ধারাবাহিকভাবে নজর কেড়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই ফুটবলার। তবে গোল হজম করার পরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ওড়িশা। সংগঠিত আক্রমণ খুব বেশি করতে না পারলেও প্রতি আক্রমণে মাঝেমধ্যেই বিপদ তৈরি করছিল তারা।
সমতায় ফিরল ওড়িশা (Mohun Bagan)
৫২ মিনিটে মহমুদ ইদের গোলে সমতা ফেরায় ওড়িশা। খেলার গতির বিপরীতে এসে যাওয়া সেই গোলে ফের চাপে পড়ে যায় মোহনবাগান। এরপর আবারও গোলের খোঁজে আক্রমণের ঝড় তোলে প্যানোসের দল। কিন্তু গোলের সামনে সেই একই ব্যর্থতা। শেষ পর্যন্ত লিস্টনকে তুলে ছাংতেকে মাঠে নামান কোচ। সেই পরিবর্তনই কাজে আসে। ৭৪ মিনিটে ছাংতের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে মোহনবাগানকে ফের এগিয়ে দেন দ্রাজিচ।
শেষ হাসি এরউইনের (Mohun Bagan)
দ্রাজিচের দ্বিতীয় গোলের পর অনেকেই হয়তো জয় নিশ্চিত ভেবে নিয়েছিলেন। কিন্তু মোহনবাগানের রক্ষণ যে এই মরশুমে আলাদা করে চিন্তার কারণ হয়ে উঠেছে, তা আরও একবার প্রমাণিত হয়। মিনিট পাঁচেকের মধ্যেই রক্ষণের ভুলের সুযোগ নিয়ে সমতা ফিরিয়ে দেয় ওড়িশা। নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয় সবুজ-মেরুন শিবিরে। তবে শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন লি এরউইন। ৮৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত ফিনিশে গোল করে দলকে জয়ের মুখ দেখান তিনি।
আরও পড়ুন: Virat Kohli: ১৮৩, ১৩৩ নয়! নিজের সেরা ওয়ানডে ইনিংস বাছতে গিয়ে চমকে দিলেন বিরাট
প্রশ্ন থেকেই গেল (Mohun Bagan)
শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলে এটি তাদের টানা চতুর্থ জয়। লিগ টেবিলের শীর্ষস্থানও ধরে রাখল প্যানোসের দল। তবে জয় এলেও দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে ফরোয়ার্ডদের একের পর এক সহজ সুযোগ নষ্ট করার প্রবণতা এবং রক্ষণের ভুল আগামী দিনে বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। ফলাফল পক্ষে গেলেও সমর্থকদের মন কতটা জয় করতে পারল এই মোহনবাগান, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।



