Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুরুর দিকে পজিটিভ স্টার্ট করেও বেলা বাড়ার সাথে-সাথে পতনের মাত্রাও বেড়েছে। এর জেরে ২৬ হাজারের নীচে নেমেছে নিফটি৫০ (Nifty50)।
মুখ থুবড়ে পড়ল শেয়ার মার্কেট (Nifty50)
বছর শেষের আগে চলতি সপ্তাহের প্রথম সেশনে পজিটিভ স্টার্ট করেও বেলা বাড়ার সঙ্গে ধাক্কা খেল শেয়ার মার্কেট। বাজার খোলার এক ঘন্টার মধ্যে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গ্রাফ লাল হয়ে যায়। তারপর যত শেষবেলার দিকে ঘড়ির কাটা এগিয়েছে ততই পতনের মাত্রা বেড়েছে। এর ফলে নিফটি৫০ নেমে যায় ২৬ হাজারের নীচে। সেনসেক্স নেমেছে ৮৫ হাজারের নীচে (Nifty50)।
সোমবার নিফটি৫০ কমেছে ১০০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৫ হাজার ৯৪২ পয়েন্টে। সেনসেক্স কমেছে ৩৪৬ পয়েন্ট বা ০.৪০ শতাংশ। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক থাকল ৮৪ হাজার ৬৯৫ পয়েন্টে। এর পাশাপাশি পয়েন্ট কমেছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইন্ডেক্সগুলিতেও। সোমবার এর পাশাপাশি নিফটি-তে সমস্ত সেক্টোরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। শুধুমাত্র ব্যতিক্রম দেখা গিয়েছে মিডিয়া ও নিফটি এফএমসিজি।

নিফটি৫০ ইনডেক্স লিস্টেড স্টকগুলির মধ্যে সবচেয়ে বৃদ্ধি হয়েছে টাটা স্টিল, টাটা কনজিউমারের। এ ছাড়াও এশিয়ান পেন্টস, গ্রাসিম এবং নেশলে ইন্ডিয়ার শেয়ার দরেও বড় বৃদ্ধি হয়েছে। এই বেঞ্চমার্ক সূচকের ৩৩টি স্টকের শেয়ার দর কমেছে সোমবার। সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে আদানি পোর্টস, এইচসিএল টেক, পাওয়ার গ্রিড, ট্রেন্ট এবং আদানি এন্টারপ্রাইজের।
আরও পড়ুন: Delhi Fog: ঘন কুয়াশায় ঢেকে দিল্লি, বাতিল শতাধিক বিমান, জারি লাল সতর্কতা!
বছরের শেষ সময় এসে লগ্নিকারীদের নতুন উদ্দীপনার অভাবে শেয়ার মার্কেটে ঝিমিয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর জেরেই পতন হয়েছে দেশের দুই ইনডেক্স সূচকের। বিশেষজ্ঞদের মতে, ‘বাজারে এখন ছুটির মেজাজ। অধিকাংশ ইনভেস্টররা ছুটি কাটাচ্ছেন। এর পাশাপাশি বাজারে সেন্টিমেন্ট তুলে ধরার অনুঘটকের অভাব রয়েছে।’ তবে ২০২৬ সালে এই পরিস্থিতি বদলে যাবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা (Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


