Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের আমেজ ধীরে ধীরে রাজ্যে জাঁকিয়ে বসতে শুরু করলেও বঙ্গোপসাগরকে ঘিরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা (Winter Update)। একদিকে ক্রমশ নিম্নমুখী রাতের তাপমাত্রা, অন্যদিকে ডিসেম্বরের শুরু ও মাঝামাঝি সময়ে পরপর দুটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত। ফলে শীতের আবহে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার থেকেই আবহাওয়ায় বদল (Winter Update)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে। উপকূলীয় জেলা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। দিনের বেলায় সামান্য জলীয় বাষ্পের অস্বস্তি থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হওয়ার সম্ভাবনা। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
মঙ্গলবার থেকে নামবে পারদ, শীতের আমেজ বাড়বে (Winter Update)
মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমে ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও স্পষ্ট হবে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা কমার ইঙ্গিত (Winter Update)
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এখানেও আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
ডিসেম্বরেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা?
তবে শীতের এই আমেজ কতদিন স্থায়ী হবে, তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া সিস্টেম তৈরি হতে পারে। সেটি ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য স্থলভাগে আছড়ে পড়ার সময় ৪ ডিসেম্বর মধ্যরাতের কাছাকাছি বলে কিছু পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে। তবে এর গতিপথ অন্ধ্র উপকূল, পুদুচেরি কিংবা অন্য কোনও দিকে হবে, তা এখনও নিশ্চিত নয়। এর পাশাপাশি ১৩ ডিসেম্বর নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথাও উঠে এসেছে কয়েকটি বেসরকারি আবহাওয়া মডেলে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট পাঁচটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার পূর্বাভাসের মধ্যে ইতিমধ্যেই তিনটি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে।



