Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা চলচ্চিত্রে দেবের নতুন উপহার “রঘু ডাকাত” নিয়ে ইতিমধ্যেই (Raghu Dakat) আলোড়ন শুরু হয়েছে। বাংলার লোককথা, ইতিহাস আর জনশ্রুতি মিশে আছে এই চরিত্রকে ঘিরে। দেব যাঁকে বড়পর্দায় জীবন্ত করে তুলতে চলেছেন, সেই রঘু ডাকাত ছিলেন একদিকে গরিবের রবিনহুড, অন্যদিকে শাসকদের কাছে ত্রাস, আর জীবনের অন্তিম পর্বে হয়ে উঠেছিলেন এক কালীসাধক।

জন্ম ও শৈশব! (Raghu Dakat)
ইতিহাসবিদদের মতে, রঘু ডাকাতের জন্ম অষ্টাদশ শতকের শেষদিকে অবিভক্ত বাংলার (বর্তমান বাংলাদেশ) এক কৃষক পরিবারে। তাঁর প্রকৃত নাম ছিল রঘু ঘোষ। ছোটোবেলা থেকেই তিনি প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশ শাসকদের ও নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার।
সেসময় বাংলার তিনটি গুরুত্বপূর্ণ গ্রাম — সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা — ক্রমশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে যাচ্ছিল। কোম্পানি গরিব কৃষকদের জোর করে করাচ্ছিল নীল চাষ। উর্বর জমি নষ্ট হয়ে যাচ্ছিল, অথচ প্রতিবাদ করলে কৃষকরা ভোগ করছিল অকথ্য শারীরিক নিপীড়ন।
রঘুর পিতা ছিলেন সাধারণ কৃষক। নীল চাষে অস্বীকৃতি জানানোয় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় সাহেব কুঠিতে। ভয়ঙ্কর অত্যাচারের পর তাঁকে গ্রামেই এক গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়। এই ঘটনাই রঘুর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিশোধস্পৃহা জ্বলে ওঠে তাঁর অন্তরে।

প্রতিশোধ থেকে বিপ্লব (Raghu Dakat)
পিতার মৃত্যুর পর রঘু গ্রাম্য তরুণদের একত্রিত করে গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী। তাঁদের প্রথম লক্ষ্য ছিল নীলকর সাহেবদের দমন করা।
- সাহেবদের কুঠিতে হামলা
- জমিদারদের সম্পত্তি লুঠ
- প্রজাদের কর মওকুফ করানো
এভাবেই ধীরে ধীরে রঘু ও তাঁর দল সাধারণ কৃষক সমাজের কাছে হয়ে ওঠেন ত্রাতার প্রতীক।
রঘুর ডাকাতির ধরনও ছিল ভিন্ন। সাধারণ চোরের মতো গোপনে সিঁধ কেটে নয়, বরং অগ্রিম রক্তে লেখা চিঠি পাঠিয়ে সময় জানিয়ে দিতেন তিনি। অথচ ব্রিটিশ পুলিশ বা সাহেবদের সকল কৌশল সত্ত্বেও তাঁকে ধরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
শাসকের ত্রাস, গরিবের রবিনহুড! (Raghu Dakat)
রঘু ডাকাত ছিলেন এক দ্বিমুখী চরিত্র—
- ব্রিটিশ ও জমিদারদের কাছে: তিনি ছিলেন ভয়ঙ্কর এক দস্যু, অশান্তির প্রতীক।
- গরিব চাষিদের কাছে: তিনি ছিলেন রবিন হুড। ধনীদের কাছ থেকে লুঠ করা অর্থ ও সম্পদ বিলিয়ে দিতেন দরিদ্রদের মধ্যে।
এইভাবে তিনি হয়ে ওঠেন বাংলার মাটিতে নিপীড়িত কৃষকদের নায়ক, যিনি শুধু ডাকাত নন, বরং প্রতিশোধপরায়ণ এক বিদ্রোহী।
কালীসাধক কি রঘু! (Raghu Dakat)
রঘুর জীবনে আরেকটি বিস্ময়কর দিক ছিল তাঁর অগাধ ভক্তি মা কালী-র প্রতি।
- অমাবস্যার রাতে বিশেষ পূজার পরই তিনি বের হতেন লুঠ অভিযানে।
- সিঁদুর ও বলির রক্ত মিশিয়ে তিলক কপালে মেখে যাত্রা শুরু করতেন।
- তাঁর প্রতিষ্ঠিত কালী মন্দির আজও বাংলার বিভিন্ন প্রান্তে টিকে আছে।
শোনা যায়, একসময় তাঁর দলে নরবলির প্রথা চালু ছিল। এমনকি একবার তিনি খোদ ভক্তকবি রামপ্রসাদ সেনকে বলি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মা কালী স্বপ্নাদেশে তাঁকে সেই ভয়ঙ্কর ভুল থেকে বিরত করেন। এরপর থেকেই তিনি নরবলি বন্ধ করে দিয়ে কালীসাধনায় মনোনিবেশ করেন।
জীবনের শেষ অধ্যায়! (Raghu Dakat)
রঘু ডাকাত জীবনের শেষদিকে সম্পূর্ণভাবে ডাকাতির জগৎ থেকে সরে আসেন। তিনি নিজেকে উৎসর্গ করেন কালীসাধনায়। লোককথা বলছে, মৃত্যুর আগে তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সাধক।
তাঁর পরিণতি নিয়ে বিভিন্ন মত আছে—
- কারও মতে তিনি পুলিশের হাতে ধরা পড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
- কারও মতে, তিনি স্বেচ্ছায় সাধনাজীবন বেছে নিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান।

ইতিহাস না কিংবদন্তি?
রঘুর চরিত্র ইতিহাস ও লোককথার মিশ্রণ। একদিকে তিনি একজন নির্মম দস্যু, অন্যদিকে কৃষক সমাজের মুক্তিদাতা। অনেক গবেষক মনে করেন, বাংলার কৃষক বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গের প্রতীক ছিলেন রঘু।
তাঁর জীবনের ওপর ভিত্তি করে রচিত হয়েছে বহু লোকগান, কাহিনি, উপন্যাস ও নাটক। এখন বড়পর্দায় দেব তাঁকে জীবন্ত করলে, নতুন প্রজন্ম হয়তো আবারও খুঁজে নেবে এই বিস্মৃত বীরের কাহিনি।
আরও পড়ুন: Health tips: বিড়াল শুধু আদরের নয়, স্বাস্থ্য রক্ষারও সঙ্গী
কেন বড়পর্দায় গুরুত্বপূর্ণ?
বাংলার ইতিহাসে অনেক বিপ্লবীর নাম লিপিবদ্ধ আছে, কিন্তু লোকনায়ক রঘু ডাকাত রয়ে গেছেন মূলত জনশ্রুতি ও কিংবদন্তির পাতায়।
- তাঁর জীবনের নাটকীয়তা
- প্রতিশোধ, ডাকাতি, বিদ্রোহ ও সাধনার সংমিশ্রণ
- সামাজিক বার্তা: শোষণের বিরুদ্ধে সংগ্রাম



